রায়পুরা থানাকে দুটি গাড়ি দিলেন উপহার দিলেন এমপি আশরাফ উদ্দিন
- সর্বশেষ আপডেট ০৭:৫৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
- / 176
নরসিংদীর রায়পুরা থানার পুলিশিং কার্যক্রম আরও গতিশীল করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সক্ষমতা বাড়াতে দুটি পিকআপ ভ্যান উপহার দিয়েছেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।
রোববার (১৬ আগস্ট) সকাল ১১টার দিকে রায়পুরা থানা প্রাঙ্গণে ফিতা কেটে গাড়ি দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে নরসিংদীর পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুকের কাছে গাড়ি দুটির চাবি হস্তান্তর করেন এমপি আশরাফ উদ্দিন বকুল।
অনুষ্ঠানে এমপি আশরাফ উদ্দিন বকুল বলেন, রায়পুরায় কোনো ঘটনা ঘটলে পুলিশকে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে হয়। এজন্য থানার প্রয়োজনীয় যানবাহন ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা জরুরি। জনবলের তুলনায় রায়পুরা থানায় গাড়ির সংখ্যা কম থাকায় পুলিশকে অনেক সময় ভাড়া করা সিএনজিতে চলাচল করতে হয়েছে। নতুন দুটি গাড়ি যুক্ত হওয়ায় পুলিশের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছি।
চরাঞ্চলের অস্ত্রধারীদের উদ্দেশে তিনি বলেন, যারা চুরি-ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত, তাদের সময় শেষ হয়ে আসছে। এলাকায় থাকতে হলে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরতে হবে। কোনো সাধারণ মানুষের ওপর অত্যাচার করা যাবে না। সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে পরিকল্পিতভাবে কাজ চলছে। ভবিষ্যতে রায়পুরা থানাকে আরও যানবাহন দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদীর পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক, সিনিয়র সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) বায়েজিদ বিন মনসুর, রায়পুরা থানার অফিসার ইনচার্জ মজিবর রহমান, জেলা বিএনপির সহ-সভাপতি ফাইজুর রহমান, সহ-কৃষি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহ-সাংগঠনিক সম্পাদক নাজমুল হক ভুইয়া মোহন, রায়পুরা পৌরসভার সাবেক মেয়র হাজী আব্দুল কুদ্দুস, রায়পুরা পৌর বিএনপির সভাপতি ইদ্রিছ আলী মুন্সী, জেলা বিএনপির সদস্য কাজী আসাদুর রহমান মিলন, রায়পুরা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নূর আহমেদ চৌধুরী মানিক, রায়পুরা পৌর যুবদলের আহ্বায়ক আলফাজ উদ্দিন মিঠু, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি ফরিদ উদ্দিনসহ পুলিশ কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
নতুন গাড়ি দুটি রায়পুরা থানা পুলিশের নিয়মিত টহল, জরুরি পরিস্থিতিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো এবং আইনশৃঙ্খলা রক্ষার কাজে ব্যবহৃত হবে বলে সংশ্লিষ্টরা জানান।






























