রায়পুরায় মির্জানগরে ডা. ফরিদকে সমর্থন দেওয়ার দাবি

- সর্বশেষ আপডেট ০৭:২৯:১২ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
- / 266
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জানগর ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় সমর্থন পেতে ডা. ফরিদ আহমেদের পক্ষে গণসংযোগ ও মিছিল করেছেন দলীয় নেতাকর্মী ও এলাকাবাসী। শনিবার সকালে ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডে কয়েক শতাধিক নেতাকর্মী ও সাধারণ মানুষ এ কর্মসূচিতে অংশ নেন। এ সময় তাঁরা ডা. ফরিদ আহমেদকে দলীয় সমর্থন দেওয়ার দাবি জানান।
ডা. ফরিদ আহমেদ মির্জানগর ইউনিয়ন বিএনপির সভাপতি। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহসম্পাদক এবং নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের আস্থাভাজন হিসেবে পরিচিত বলে তাঁর সমর্থকেরা দাবি করেন।
স্থানীয় বিএনপি নেতাকর্মীদের ভাষ্য, দীর্ঘদিন ধরে দলের রাজনীতির সঙ্গে যুক্ত থেকে মির্জানগর ইউনিয়নে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নিতে ভূমিকা রেখেছেন ডা. ফরিদ। রাজনৈতিক জীবনে তিনি মামলা, হামলা ও কারাবরণের মতো পরিস্থিতির মুখোমুখি হয়েছেন বলেও দাবি করেন তাঁরা। দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থাকা এবং সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার কারণে তাঁকে ত্যাগী ও পরীক্ষিত নেতা হিসেবে বিবেচনা করেন সমর্থকেরা।
তাঁদের দাবি, ২০১৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নানা প্রতিকূলতার মধ্যেও দলের নির্দেশে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ডা. ফরিদ আহমেদ। ওই নির্বাচনে অল্প ভোটের ব্যবধানে তিনি পরাজিত হন বলে তাঁর সমর্থকেরা জানান। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনেও ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের পক্ষে প্রচার-প্রচারণায় সক্রিয় ভূমিকা পালন করেন তিনি।
স্থানীয় নেতাকর্মীরা আরও বলেন, পল্লিচিকিৎসক হিসেবে দীর্ঘদিন ধরে এলাকার মানুষের চিকিৎসাসেবা দিয়ে আসছেন ডা. ফরিদ। অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর কারণে এলাকায় তাঁর পরিচিতি রয়েছে। এসব বিবেচনায় আসন্ন নির্বাচনে তাঁকে দলীয় সমর্থন দেওয়া হলে ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে মনে করেন তাঁরা।
ডা. ফরিদ আহমেদ বলেন, ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের নেতৃত্বে বিএনপিকে শক্তিশালী করতে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলীয় কোন্দল বন্ধ করে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে প্রকৃত নেতাকর্মীদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি মির্জানগর ইউনিয়নের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, এলাকায় শান্তি, শৃঙ্খলা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পাশাপাশি মাদক, সন্ত্রাস, দুর্নীতি, অনিয়ম ও চাঁদাবাজিমুক্ত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে। মির্জানগর ইউনিয়নকে আধুনিক, উন্নত ও বৈষম্যহীন মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার লক্ষ্য রয়েছে তাঁর। এ জন্য এলাকার রাস্তাঘাট, হাটবাজার, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ-মাদ্রাসা, ঈদগাহ ও কবরস্থানের উন্নয়নে সংসদ সদস্যের সহযোগিতাও কামনা করেন তিনি।
জনগণের অধিকার পুনরুদ্ধার ও সুশাসন প্রতিষ্ঠায় দলমত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান ডা. ফরিদ। একই সঙ্গে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালনকারী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের দাবি জানান তিনি।
ডা. ফরিদ আহমেদের পক্ষে দলীয় সমর্থনের দাবিতে সংহতি জানিয়েছেন মির্জানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল হোসেন, উপজেলা বিএনপির সাবেক শিল্পবিষয়ক সম্পাদক আতিকুর রহমান আতিক, ইউনিয়ন যুবদলের সভাপতি সেলিম মোল্লা, সাধারণ সম্পাদক ফারুক মোল্লা, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মিজান ফরাজী এবং যুবদলের সহসভাপতি কামাল মোল্লা, আলতাফ গাজী ও বিল্লাল মিয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।































