রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, আহত ১১
- সর্বশেষ আপডেট ০৬:৩৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
- / 153
নরসিংদীর রায়পুরায় দুই সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে উজ্জ্বল কুমার ওরফে প্রশান্ত শীল (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ অন্তত ১১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের ঢাকায় পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ১টার দিকে রায়পুরা-নরসিংদী আঞ্চলিক সড়কের আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ ১০ নম্বর সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত উজ্জ্বল কুমার রায়পুরার মেথিকান্দা এলাকার নারায়ণ চন্দ্র শীলের ছেলে। স্বজনদের বরাতে জানা গেছে, এক দিন আগে তিনি নরসিংদীতে শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিলেন। বৃহস্পতিবার দুপুরে সেখান থেকে অটোরিকশায় করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তিনি।
আহতদের মধ্যে রয়েছেন রায়পুরার চান্দেরকান্দি এলাকার অলি মিয়া (৪৫) ও গিয়াস উদ্দিন (৫৫), পূর্বপাড়া এলাকার রুহুল আমিন (৩০), নরসিংদী সদরের সুস্মিতা (১০), সোনিয়া শীল (৩০) ও প্রল্লাদ (১)। এ ছাড়া রায়পুরা বাজারের ব্যবসায়ী মাইন উদ্দিন, তাঁর মেয়ে লিপি (২৮) ও ছেলে আনিছ (৪), অজ্ঞাতপরিচয় একজন এবং দুই অটোরিকশার চালক আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নরসিংদী থেকে রায়পুরাগামী একটি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরেকটি অটোরিকশার হাসনাবাদ ১০ নম্বর সেতু এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি অটোরিকশাই দুমড়েমুচড়ে যায়। পরে স্থানীয় লোকজন আহত যাত্রী ও চালকদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক উজ্জ্বল কুমারকে মৃত ঘোষণা করেন।
নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. ফরিদা গুলশানারা কবির বলেন, দুর্ঘটনায় আহত ১২ জনকে হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে একজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। আহতদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অন্যরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, নিহত উজ্জ্বল শীলের মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। গুরুতর আহত দুজনকে ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।






























