রাজধানীর ২৫৭ পূজামণ্ডপে ক্যামেরা নজরদারি

- সর্বশেষ আপডেট ১২:৫৯:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
- / 111
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর ২৫৭টি পূজামণ্ডপে ২৪ ঘণ্টা সিসিটিভি ও বডিওর্ন ক্যামেরার মাধ্যমে নজরদারি করা হবে। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত দায়িত্বের বাইরে অতিরিক্ত ২ হাজার ১০০ পুলিশ সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের কেন্দ্রীয় পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।
ডিএমপি কমিশনার বলেন, রাজধানীতে শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। এ বছর ঢাকা মহানগরে মোট ২৫৭টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।
তিনি জানান, প্রতিটি পূজামণ্ডপের গুরুত্ব, ভক্ত ও দর্শনার্থীদের উপস্থিতি এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে মণ্ডপগুলোকে চারটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। প্রতিটি মণ্ডপে দিন-রাত ২৪ ঘণ্টা পুলিশের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। মণ্ডপ ও আশপাশের এলাকার নিরাপত্তা পর্যবেক্ষণে সিসিটিভি ও বডিওর্ন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ প্রবেশপথে স্থাপন করা হয়েছে আর্চওয়ে।
মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় নিয়মিত দায়িত্বের বাইরে বিভিন্ন পর্যায়ের অতিরিক্ত ২ হাজার ১০০ পুলিশ সদস্য নিয়োজিত থাকবেন। ডিএমপির বিভিন্ন বিভাগের সদস্যদের সমন্বিতভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
নিরাপত্তাব্যবস্থার বিষয়ে তিনি আরও বলেন, পূজামণ্ডপের আশপাশে নিয়মিত টহল, সন্দেহজনক ব্যক্তি ও বস্তুর ওপর নজরদারি এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি রাখা হয়েছে। জরুরি পরিস্থিতি সামাল দিতে পুলিশের সোয়াট, বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট, ডগ স্কোয়াড ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।
বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন উপলক্ষে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে বিসর্জন শোভাযাত্রা শুরু হয়ে ওয়াইজঘাটে গিয়ে শেষ হবে। শোভাযাত্রার পথ ও জনসমাগম বিবেচনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় করে শোভাযাত্রা নির্বিঘ্ন রাখা এবং জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখার ব্যবস্থা নেওয়া হবে।
নগরবাসীকে আশ্বস্ত করে ডিএমপি কমিশনার বলেন, শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মহানগর পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।































