রাজধানীর আইনশৃঙ্খলা স্থিতিশীল: ডিএমপি
- সর্বশেষ আপডেট ০৭:৩৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
- / 38
রাজধানীর সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। তিনি বলেছেন, এই স্থিতিশীলতা ধরে রাখতে মাঠপর্যায়ে নজরদারি ও টহল কার্যক্রম আরও বাড়াতে হবে।
বৃহস্পতিবার ডিএমপি হেডকোয়ার্টার্সে মার্চ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন। সভায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে তিনি জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে কমিউনিটি পুলিশিং আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন।
একই সঙ্গে থানাগুলো থেকে নাগরিকরা যেন কাঙ্ক্ষিত আইনি সেবা নির্বিঘ্নে পান, তা নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।
ডিএমপি কমিশনার আরও বলেন, অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত ফুট পেট্রোল বাড়াতে হবে। পাশাপাশি মাদকবিরোধী অভিযান ও পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তারের কার্যক্রম জোরদারের নির্দেশও দেন তিনি।
তার ভাষায়, কোনোভাবেই থানা এলাকায় অপরাধ সংঘটিত হতে দেওয়া যাবে না—এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, জনগণের প্রত্যাশা পূরণে পুলিশ সদস্যদের আরও দায়িত্বশীল ও নিষ্ঠাবান ভূমিকা রাখতে হবে। তিনি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে অনুসরণের ওপর জোর দেন।
মাসিক সভায় মার্চ মাসে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়। এ সময় ডিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

































