রাজধানীতে এক দিনে পাঁচ অজ্ঞাত লাশ উদ্ধার
- সর্বশেষ আপডেট ০৭:৪৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
- / 86
রাজধানীর পৃথক স্থান থেকে এক নারীসহ পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিভিন্ন সময়ে তাদের লাশ ও মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের কারও পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশগুলো ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।
সকালে যাত্রাবাড়ীর শনির আখড়া ইউটার্ন এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৪৫) লাশ উদ্ধার করা হয়। যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান জুয়েল জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়। ওই ব্যক্তি এলাকায় ঘোরাঘুরি করতেন এবং ভবঘুরে প্রকৃতির ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন। অসুস্থ অবস্থায় পড়ে গিয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
একই দিন মতিঝিলের নটর ডেম কলেজের বিপরীত পাশের সড়ক থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে (৫০) অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। একটি ওষুধ কোম্পানির প্রতিনিধি তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়। তবে তার পরিচয় জানা যায়নি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পাশ থেকেও অসুস্থ অবস্থায় পড়ে থাকা এক নারীকে (৩০) উদ্ধার করা হয়। হাসপাতালের কর্মীরা সকালে তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। পরে বেলা সোয়া ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের ভারপ্রাপ্ত ওয়ার্ড মাস্টার আইয়ব আলী।
এদিকে শাহবাগ থানার আওতাধীন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের মোড়ের ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৩০) লাশ উদ্ধার করা হয়। শাহবাগ থানার এসআই বিজয় মণ্ডল লাশটি উদ্ধার করেন। পরে বিকেলে লাশটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। স্থানীয়দের ধারণা, ওই ব্যক্তিও ভবঘুরে প্রকৃতির ছিলেন।
অন্যদিকে কামরাঙ্গীরচরের জাউলাহাটি এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের (৬৫) লাশ উদ্ধার করা হয়েছে। কামরাঙ্গীরচর থানার এসআই প্রাণেশ্বর দাস জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সকালে লাশটি উদ্ধার করা হয়। ওই ব্যক্তি এলাকায় ঘোরাঘুরি করতেন এবং স্থানীয়রা তাকে চিনলেও তার পরিচয় জানতেন না। তিনিও ভবঘুরে প্রকৃতির ছিলেন বলে জানান তিনি।





























