বাবার বিরুদ্ধে মামলা
যৌতুকের দাবিতে ৯ মাসের শিশুকন্যাকে আছাড়
- সর্বশেষ আপডেট ১২:৫৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
- / 72
নারায়ণগঞ্জের আড়াইহাজারে যৌতুকের দাবিতে পারিবারিক বিরোধের জেরে নয় মাস বয়সী শিশুকন্যাকে মেঝেতে আছাড় মেরে ও কামড়ে আহত করার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির মা রিনা বেগম (২০) আড়াইহাজার থানায় মামলা করেছেন।
মামলার আসামিরা হলেন রিনার স্বামী সোহেল মোল্লা (২৪) ও তাঁর সহযোগীরা।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে নরসিংদীর মাধবদী থানার কাঠালিয়া এলাকার সোহেল মোল্লার সঙ্গে পারিবারিকভাবে রিনা বেগমের বিয়ে হয়। তাদের নয় মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। বিয়ের পর থেকেই যৌতুকসহ বিভিন্ন পারিবারিক বিষয় নিয়ে সোহেল তাঁর স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন বলে অভিযোগ করেছেন রিনা।
এজাহারে রিনা অভিযোগ করেন, নির্যাতন সহ্য করতে না পেরে গত ৫ আগস্ট শিশুকন্যাকে নিয়ে তিনি বাবার বাড়িতে চলে যান। দুই দিন পর ৭ আগস্ট সকাল ১০টার দিকে আড়াইহাজার পৌরসভার কামরানীরচর মধ্যপাড়ায় তাঁর বাবার বাড়িতে যান সোহেল।
অভিযোগ অনুযায়ী, সোহেল সেখানে গিয়ে শিশুটিকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এতে রিনা ও তাঁর পরিবারের সদস্যরা বাধা দিলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে শিশুটিকে খাট থেকে তুলে মেঝেতে আছাড় মারেন। এতে শিশুটির মাথায় গুরুতর আঘাত লাগে এবং নাক-মুখ দিয়ে রক্তপাত শুরু হয়।
এরপর শিশুটির বাম পায়ের ঊরুতে কামড় দিয়ে জখম করারও অভিযোগ রয়েছে সোহেলের বিরুদ্ধে। শিশুটির মা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। পরে সোহেল রিনা ও তাঁর পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে চলে যান।
আহত শিশুটিকে দ্রুত আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়।
রিনার অভিযোগ, যৌতুককে কেন্দ্র করে স্বামীর সঙ্গে দীর্ঘদিন ধরে তাঁর বিরোধ চলছিল। এর জেরেই তাঁকে শারীরিক ও মানসিক নির্যাতনের পাশাপাশি তাঁর শিশুকন্যার ওপরও হামলা করা হয়েছে।
শিশুটির নানা-নানি জানান, আছাড় দেওয়ার পরও সোহেল উত্তেজিত ছিলেন। আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে তাঁকে থামান। সময়মতো স্থানীয়রা এগিয়ে না এলে শিশুটির বড় ধরনের ক্ষতি হতে পারত বলেও দাবি করেন তাঁরা।
তবে অভিযুক্ত সোহেল বা তাঁর সহযোগীদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে ঘটনাটির সঙ্গে যৌতুকসংক্রান্ত পারিবারিক বিরোধের বিষয়টি পাওয়া গেছে।






























