যেভাবে অনলাইনে আয়কর রিটার্ন জমা দেবেন
- সর্বশেষ আপডেট ০৪:৪৪:৫০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
- / 118
চলতি ২০২৬-২৭ করবর্ষের ব্যক্তিশ্রেণির আয়কর রিটার্ন বুধবার (২২ জুলাই) থেকে অনলাইনে জমা দেওয়া শুরু হয়েছে। করসেবা আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ই-রিটার্ন কার্যক্রম চালু করেছে।
নির্ধারিত কয়েকটি ব্যতিক্রম ছাড়া সব ব্যক্তিশ্রেণির করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক।
এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করদাতাদের www.etaxnbr.gov.bd পোর্টালে গিয়ে রিটার্ন জমা দিতে হবে। ২০২১ সালে ই-রিটার্ন ব্যবস্থা চালুর পর এটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। সর্বশেষ ২০২৫-২৬ করবর্ষে প্রায় ৪৭ লাখ ব্যক্তি করদাতা অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করেন।
তবে ৬৫ বছর বা তদূর্ধ্ব প্রবীণ করদাতা, সনদপত্র দাখিল সাপেক্ষে শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার প্রতিনিধিরা এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকরা চাইলে কাগুজে রিটার্ন জমা দিতে পারবেন। এছাড়া নিবন্ধনসংক্রান্ত প্রযুক্তিগত সমস্যার কারণে অনলাইনে রিটার্ন দিতে না পারলে সংশ্লিষ্ট অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদন নিয়ে কাগুজে রিটার্ন দাখিলের সুযোগ থাকবে।
এনবিআর জানিয়েছে, ই-ট্যাক্স সিস্টেমে ব্যাংক ট্রান্সফার, ডেবিট ও ক্রেডিট কার্ড, বিকাশ, নগদ, রকেটসহ বিভিন্ন মোবাইল আর্থিক সেবার মাধ্যমে ঘরে বসেই কর পরিশোধ করা যাবে। রিটার্ন সফলভাবে জমা দেওয়ার পর তাৎক্ষণিকভাবে প্রাপ্তি স্বীকারপত্র ও আয়কর সনদও সংগ্রহ করা সম্ভব হবে।
এবারের করবর্ষে নতুন প্রণোদনাও ঘোষণা করেছে এনবিআর। জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে প্রদেয় করের ৫ শতাংশ বা সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত করছাড় মিলবে। তবে সেপ্টেম্বরের পর এই সুবিধা থাকবে না। আর ডিসেম্বরের পর রিটার্ন জমা দিলে অতিরিক্ত কর পরিশোধ করতে হবে।






























