যুদ্ধে গত দুই সপ্তাহে ১০০ মার্কিন সেনা আহত: পেন্টাগন
- সর্বশেষ আপডেট ০৪:৩৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
- / 47
ইরানের সঙ্গে চলমান সংঘাতে গত দুই সপ্তাহে প্রায় ১০০ জন মার্কিন সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে পেন্টাগন। যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের ব্যয় বৃদ্ধি ও অভ্যন্তরীণ চাপের মধ্যে সোমবার এ তথ্য প্রকাশ করা হয়।
ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ৭ জুলাই ইরানে মার্কিন বিমান হামলা শুরুর পর এসব সেনা আহত হন। পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল জানান, আহতদের প্রায় ৯৬ শতাংশই চিকিৎসার পর দায়িত্বে ফিরেছেন। বেশিরভাগ আঘাত ছিল মস্তিষ্কে হালকা আঘাত বা কনকশনের মতো।
এর আগে জর্ডানের একটি বিমানঘাঁটিতে ইরানি হামলায় নিহত দুই মার্কিন সেনার পরিচয় প্রকাশ করে পেন্টাগন। নিহতদের মধ্যে ছিলেন হাওয়াইয়ের ২৫ বছর বয়সী টাইলার জেমস ফিহান ও টেক্সাসের ১৯ বছর বয়সী ইসাবেলা গঞ্জালেস। একই ঘটনায় আরেক সেনার মরদেহ উদ্ধারে অভিযান চলছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।
প্রতিবেদনে বলা হয়, সংঘাতের প্রভাবে জ্বালানি তেলের বাজারেও অস্থিরতা তৈরি হয়েছে। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ঘিরে উত্তেজনা বাড়ায় যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে সামরিক তৎপরতা জোরদার করেছে।
যুক্তরাষ্ট্রের দাবি, হরমুজ প্রণালীতে ইরানের কার্যক্রম সীমিত করাই এখন তাদের অভিযানের প্রধান লক্ষ্য। অন্যদিকে ইরান সমর্থিত বাহিনীগুলোও মার্কিন ঘাঁটি ও স্বার্থ লক্ষ্য করে পাল্টা হামলার দাবি করেছে।



































