নেশাগ্রস্ত স্বামীর কাছ থেকে
মেয়েকে ছাড়িয়ে দুধ দিয়ে গোসল মায়ের
- সর্বশেষ আপডেট ০৩:০৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
- / 297
ফরিদপুরের বোয়ালমারীতে মেয়েকে কথিত নেশাগ্রস্ত স্বামীর কাছ থেকে ছাড়িয়ে আনার পর পাঁচ কেজি দুধ দিয়ে গোসল করেছেন এক মা। শুক্রবার (২ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার বাইখীর চৌরাস্তা বাজারে প্রকাশ্যে এ ঘটনা ঘটে। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
দুধ দিয়ে গোসল করা ওই নারীর নাম জুলেখা বেগম। তিনি চতুল ইউনিয়নের বড় বাইখীর গ্রামের মহাশিন মোল্লার স্ত্রী। প্রায় ১৪ বছর আগে তাঁর মেয়ে মনিরা খাতুনের সঙ্গে সুমন শেখের বিয়ে হয়।
জুলেখা বেগম বলেন, বিয়ের পর থেকেই তাঁর মেয়ের ওপর নির্যাতন করা হতো। তাঁর দাবি, সুমন নেশাগ্রস্ত অবস্থায় মেয়েকে নিয়মিত মারধর করতেন। কয়েকদিন আগে কাবিন রেজিস্ট্রারের মাধ্যমে মেয়ের তালাক সম্পন্ন করে তাঁকে স্বামীর বাড়ি থেকে ছাড়িয়ে আনেন।
তিনি বলেন, মেয়েকে ছাড়িয়ে আনার পর দুধ দিয়ে গোসল করার একটি ওয়াদা করেছিলেন। সেই ওয়াদা পূরণ করতেই শুক্রবার সকালে পাঁচ কেজি দুধ দিয়ে গোসল করেছেন।
মনিরা খাতুন অভিযোগ করেন, তাঁর স্বামী নেশা করে নিয়মিত তাঁকে মারধর করতেন। এ কারণে তাঁর পক্ষে আর ওই সংসারে থাকা সম্ভব হয়নি।
তবে জুলেখা বেগম ও তাঁর মেয়ের অভিযোগ অস্বীকার করেছেন সুমন শেখ। তাঁর দাবি, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয় এবং সবই মিথ্যা ও ভিত্তিহীন।






























