মেট্রোরেলে শিক্ষকের মৃত্যু, ছেলের আক্ষেপ
- সর্বশেষ আপডেট ১১:৩৩:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
- / 73
মেট্রোরেলে অসুস্থ হয়ে এক শিক্ষকের মৃত্যুর ঘটনায় সহযাত্রীদের মানবিকতা নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন তাঁর ছেলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য নাকিবুর রহমান। তাঁর অভিযোগ, অসুস্থ বোধ করে বসার জন্য কয়েকবার অনুরোধ করলেও কেউ তাঁর বাবাকে আসন ছেড়ে দেননি। পরে দাঁড়িয়ে থাকা অবস্থায় স্ট্রোক করে মেঝেতে পড়ে যান তিনি। এর কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয়।
গত ২৪ অক্টোবর দুপুরে শাহবাগ থেকে উত্তরা যাওয়ার পথে শেওড়াপাড়া ও কাজীপাড়া স্টেশনের মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নজীবুর রহমান জাতীয় বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বাবার মৃত্যুর ঘটনা তুলে ধরে নাকিবুর রহমান সংবাদমাধ্যমকে বলেন, ‘ছেলে হিসেবে আজীবন একটাই আক্ষেপ থাকবে, কেউ যদি আব্বুকে বসতে দিতেন। তাহলে হয়তো বাবা এভাবে নিচে না পড়ে, কারও কোলে মাথা রেখে মারা যেতে পারতেন।’
নাকিবুর জানান, গত ২৪ অক্টোবর সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের একটি অনুষ্ঠানে অংশ নিতে যান তাঁর বাবা। অনুষ্ঠান শেষে বেলা তিনটার দিকে শাহবাগ মেট্রোস্টেশন থেকে উত্তরার উদ্দেশে রওনা হন তিনি। তাঁর সঙ্গে ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক। বাবার মৃত্যুর ঘটনা ওই সহকর্মীর কাছ থেকেই জানতে পারেন নাকিবুর।
কয়েক দিনের ছুটি শেষে সেদিন মেট্রোরেলে প্রচণ্ড ভিড় ছিল। আসন না পেয়ে নজীবুর রহমান ও তাঁর সহকর্মী হাতল ধরে দাঁড়িয়ে ছিলেন। ভিড়ের মধ্যে ঠেলাঠেলিতে একপর্যায়ে তাঁদের মধ্যে দূরত্ব তৈরি হয়।
নাকিবুরের ভাষ্য অনুযায়ী, বেলা সাড়ে তিনটার দিকে শেওড়াপাড়া এলাকায় পৌঁছানোর সময় তাঁর বাবা অসুস্থ বোধ করেন। এ সময় বসার জন্য আসনে থাকা যাত্রীদের কাছে কয়েকবার অনুরোধ করেন তিনি। কিন্তু কেউ সাড়া দেননি বলে অভিযোগ করেন নাকিবুর। এর এক থেকে দুই মিনিটের মধ্যেই তাঁর বাবা মেঝেতে পড়ে যান।
ঘটনার পর আশপাশের যাত্রীরা তাঁকে তুলে ধরার চেষ্টা করেন। শোরগোল শুনে তাঁর সহকর্মীও সেখানে আসেন। পরে পরীক্ষা করে তাঁরা বুঝতে পারেন, নজীবুর রহমান আর বেঁচে নেই। নাকিবুরের ধারণা, মেট্রোরেলের ভেতরে পড়ে যাওয়ার সময়ই তাঁর বাবার মৃত্যু হয়েছিল।
নাকিবুর জানান, তাঁর বাবার ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ ছিল। তাঁকে মেট্রোরেলের উত্তরা উত্তর স্টেশনে নামানোর পর আনসার সদস্যদের সহায়তায় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করা হয়। পরে অ্যাম্বুলেন্সে করে তাঁকে উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হয়। খবর পেয়ে সেখানে যান নাকিবুর। বিকেল সাড়ে পাঁচটার দিকে চিকিৎসকেরা তাঁর বাবাকে মৃত ঘোষণা করেন।
বাবার মৃত্যুর সময় পরিবারের কেউ পাশে ছিলেন না। নাকিবুরের মা ও ছোট ভাই ওমরাহ পালনে সৌদি আরবে ছিলেন। বিমানের টিকিটসংক্রান্ত জটিলতায় তাঁরা সময়মতো দেশে ফিরতে পারেননি। তাঁর বোন পরিবার নিয়ে নিউজিল্যান্ডে থাকেন। আরেক ভাইও সেখানে পড়াশোনা করেন। তাঁরাও বাবার মৃত্যুর পর দেশে আসতে পারেননি। পরিবারের সদস্যদের অনুপস্থিতিতেই বরিশালের গৌরনদী উপজেলায় গ্রামের বাড়িতে নজীবুর রহমানকে দাফন করা হয়।
বাবার মৃত্যুর ঘটনা তুলে ধরে নাকিবুর বলেন, ‘আমি কাউকে দোষারোপ করছি না। যে কেউ এমন পরিস্থিতিতে পড়তে পারেন। বয়স্ক মানুষের প্রতি আমাদের সবার সহানুভূতিশীল হওয়া উচিত। তাদের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করুন।’






























