মিষ্টির শূন্য আসনে এমপি হচ্ছেন এলিজা জামান

- সর্বশেষ আপডেট ০২:৪২:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
- / 127
ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপি ও জোটের প্রার্থী হিসেবে এলিজা জামানকে মনোনয়ন দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে ফেরদৌসী আহমেদ মিষ্টির ছেড়ে দেওয়া আসনে সংসদ সদস্য হওয়ার দৌড়ে এগিয়ে গেলেন তিনি।
সোমবার (২৬ অক্টোবর) বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এলিজা জামানের মনোনয়নের বিষয়টি জানানো হয়। আসনটি ৩২৩ মহিলা-২৩ হিসেবে পরিচিত।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ২৭ অক্টোবর মনোনয়নপত্র বাছাই করা হবে। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ২৮ অক্টোবর আপিল করা যাবে এবং ২৯ অক্টোবর আপিল নিষ্পত্তি হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১ নভেম্বর। পরদিন ২ নভেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ নভেম্বর।
সম্প্রতি রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় আলোচনায় আসেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি। ওই ঘটনার পর বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে পদত্যাগের নির্দেশ দেন। পরে তার পদত্যাগের পরিপ্রেক্ষিতে আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।
এরপর শূন্য আসনে উপনির্বাচনের উদ্যোগ নেয় নির্বাচন কমিশন। সেই নির্বাচনে বিএনপি ও জোটের প্রার্থী হিসেবে এলিজা জামানকে মনোনয়ন দেওয়া হয়েছে। তবে উপনির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তাকে সংসদ সদস্য বলা যাচ্ছে না।































