মালে হাসপাতালে অসুস্থ প্রবাসী বাংলাদেশিদের পাশে দূতাবাস
- সর্বশেষ আপডেট ০৬:০৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
- / 86
মালদ্বীপে চিকিৎসাধীন বাংলাদেশি প্রবাসীদের খোঁজ নিতে রাজধানী মালের বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করেছে বাংলাদেশ হাইকমিশনের একটি প্রতিনিধি দল। এ সময় তারা রোগীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস প্রদান করেন।
মালদ্বীপে অবস্থানরত অসুস্থ বাংলাদেশি নাগরিকদের কল্যাণ ও মানবিক সহায়তা নিশ্চিত করতে বাংলাদেশ হাইকমিশনের একটি প্রতিনিধি দল রাজধানী মালের দুটি হাসপাতাল পরিদর্শন করে।
পরিদর্শনকালে দলটি ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতাল এবং এডিকে হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশি রোগীদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের শারীরিক অবস্থার খোঁজ নেয়। চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে তারা চিকিৎসার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন।
এডিকে হাসপাতালে কর্মস্থলে দুর্ঘটনায় গুরুতর আহত এক প্রবাসী শ্রমিকের অবস্থাও তারা পর্যবেক্ষণ করেন। অস্ত্রোপচারের পর তিনি বর্তমানে নিবিড় চিকিৎসাধীন আছেন। চিকিৎসা সেবা আরও উন্নতভাবে নিশ্চিত করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়।
পরবর্তীতে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে ভর্তি থাকা কয়েকজন রোগীর সঙ্গেও প্রতিনিধি দল কথা বলে তাদের শারীরিক অবস্থা সম্পর্কে অবগত হয়। যেসব রোগী চিকিৎসা শেষে দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেন, তাদের প্রত্যাবর্তনের প্রয়োজনীয় প্রক্রিয়ায় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
এ সময় প্রতিনিধি দল রোগীদের সঙ্গে আন্তরিকভাবে কথা বলে তাদের মনোবল বাড়ানোর চেষ্টা করে এবং পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করে। যেকোনো জরুরি প্রয়োজনে দূতাবাস পাশে থাকবে বলে পুনরায় আশ্বস্ত করা হয়।
মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নজমুল ইসলাম বলেন, বিদেশে অবস্থানরত প্রতিটি বাংলাদেশি নাগরিক দেশের পরিবারের অংশ। দুর্ঘটনা বা অসুস্থতায় তাদের পাশে দাঁড়ানো রাষ্ট্রের নৈতিক দায়িত্ব।
তিনি আরও বলেন, প্রবাসীদের নিরাপত্তা, চিকিৎসা ও প্রয়োজনে দেশে ফেরার সহায়তায় দূতাবাস নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে। সরকারের বিভিন্ন প্রবাসীবান্ধব উদ্যোগ প্রবাসীদের মধ্যে আস্থা ও নিরাপত্তা বাড়িয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
হাইকমিশন জানিয়েছে, মালদ্বীপে বসবাসরত সকল বাংলাদেশি নাগরিকের কল্যাণ, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে তারা ভবিষ্যতেও মানবিক দায়িত্ববোধ নিয়ে কাজ চালিয়ে যাবে।






































