মালয়েশিয়াগামী কর্মীদের জন্য নতুন সময়সীমা
- সর্বশেষ আপডেট ১২:৩৭:২৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
- / 120
মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুক কর্মীদের মেডিকেল পরীক্ষা আগামী ৩১ অক্টোবর থেকে শুরু হবে। অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোতে এ পরীক্ষা নেওয়া হবে। এর আগে কোনো মেডিকেল পরীক্ষা করা হলে তা গ্রহণযোগ্য হবে না এবং ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের জন্য প্রক্রিয়াকরণ করা হবে না।
বুধবার (২৮ অক্টোবর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোর তালিকা শিগগিরই মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। কর্মীদের ওই তালিকা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। নির্দেশনা পরিপালন ও সক্ষমতার ভিত্তিতে তালিকা থেকে কোনো মেডিকেল সেন্টার বাদ পড়তে পারে, আবার নতুন প্রতিষ্ঠান যুক্তও হতে পারে।
মন্ত্রণালয় জানিয়েছে, সরকারি নির্দেশনা ও অনুমোদন ছাড়া কোনো মেডিকেল সেন্টার বা রিক্রুটিং এজেন্সি কর্মীদের মেডিকেল পরীক্ষা করাতে পারবে না। কিছু দালাল ও অসাধু এজেন্সি অনুমোদন ছাড়াই মেডিকেল পরীক্ষা করানোর কথা বলে কর্মীদের কাছ থেকে পাসপোর্ট ও টাকা নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ অবস্থায় অনুমোদন নিশ্চিত না হয়ে কাউকে পাসপোর্ট বা টাকা না দেওয়ার জন্য কর্মীদের সতর্ক করেছে মন্ত্রণালয়। একই সঙ্গে প্রতারণামূলক প্রস্তাবে সাড়া না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিএমইটি ছাড়পত্রের জন্য আবেদনকারী এজেন্সিগুলোকে অনুমোদিত মেডিকেল সেন্টারে পরীক্ষার জন্য প্রয়োজনীয় কাগজপত্র এবং ভিডিআর ভিসার কাগজপত্র জমা দিতে হবে।
নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট মেডিকেল সেন্টার ও রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যে মেডিকেল সেন্টারের কার্যক্রম বন্ধ, রিক্রুটিং এজেন্সির বিদেশে কর্মী নিয়োগ কার্যক্রম স্থগিত এবং মন্ত্রণালয়ের অনুমোদন বাতিলের মতো পদক্ষেপ থাকতে পারে।
অনুমোদনহীন মেডিকেল পরীক্ষা বা এ ধরনের অনিয়মের তথ্য জানা থাকলে ঘটনার তারিখ, স্থান, সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম এবং প্রমাণসহ মন্ত্রণালয়কে জানানোর অনুরোধ করা হয়েছে। এ জন্য secretary@probashi.gov.bd ঠিকানায় ইমেইল পাঠানো যাবে।
মন্ত্রণালয় জানিয়েছে, কর্মীদের নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় অনিয়ম বন্ধে নজরদারি অব্যাহত থাকবে। সংশ্লিষ্ট কর্মী, রিক্রুটিং এজেন্সি ও মেডিকেল সেন্টারগুলোকে সরকারি নির্দেশনা মেনে চলারও আহ্বান জানানো হয়েছে।






























