মালদ্বীপে স্ট্রোকে বাংলাদেশি প্রবাসীর মৃত্যু
- সর্বশেষ আপডেট ০২:২১:৩৮ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
- / 65
মালদ্বীপে স্ট্রোকে আক্রান্ত হয়ে মো. শেখ ফরিদ (৪৫) নামে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। তিনি ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের বাসিন্দা এবং নশা মিয়ার ছেলে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) স্থানীয় সময় রাত ১০টার দিকে রাজধানী মালের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের স্বজন ও মালদ্বীপপ্রবাসী মো. বাপ্পি জানান, প্রায় দুই বছর আগে কর্মসংস্থানের উদ্দেশ্যে মালদ্বীপে যান শেখ ফরিদ। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছিলেন। বৃহস্পতিবার বিকেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সহকর্মীরা তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, স্ট্রোকজনিত কারণেই তার মৃত্যু হয়েছে।
এদিকে মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, তারা বিষয়টি সম্পর্কে অবগত রয়েছে। মরদেহ দ্রুত দেশে পাঠাতে নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসিম বলেন, প্রবাসীর মৃত্যুর বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে তাদের জানানো হয়নি। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হবে।






























