মাধবদীতে পরিবেশবিধি লঙ্ঘনে ৫ লাখ জরিমানা
- সর্বশেষ আপডেট ০৯:৪১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
- / 131
নরসিংদীর মাধবদী পৌরসভায় পৃথক দুটি মোবাইল কোর্ট পরিচালনা করে চারটি মামলায় মোট ৫ লাখ ২ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পৌরসভা এলাকায় পরিচালিত এসব অভিযানে বিনা অনুমতিতে পৌরসভার রাস্তা কাটার পাশাপাশি পরিবেশগত বিধিনিষেধ অমান্য করে ইটিপি (Effluent Treatment Plant) ছাড়াই ডায়িং পরিচালনার অভিযোগে চারজনকে দণ্ড দেওয়া হয়।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, অভিযানে ঝুঁকিপূর্ণ বর্জ্য উৎপাদন, প্রক্রিয়াকরণ, ধারণ ও মজুদ এবং ডায়িংয়ের ময়লা ও গরম পানি সড়কে ফেলার অভিযোগও পাওয়া যায়। এসব ঘটনায় স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী চারটি মামলা করা হয়।
মামলাগুলোতে পৃথকভাবে ২ হাজার, ২ লাখ, ২ লাখ ও ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এতে মোট ৫ লাখ ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক আরিফা বেগম। মোবাইল কোর্ট পরিচালনা করেন নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাধবদী পৌরসভার প্রশাসক আসমা জাহান সরকার এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং মাধবদী পৌরসভার সিইও মো. খালিদ হোসেন শিমুল।
এ সময় নরসিংদী জেলা পুলিশ অভিযানে সার্বিক সহযোগিতা করে। কর্তৃপক্ষ জানিয়েছে, পৌর এলাকার অবকাঠামো ও পরিবেশ সুরক্ষায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
































