মাদ্রাসা শিক্ষার প্রশংসায় মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী
- সর্বশেষ আপডেট ১০:২৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
- / 53
মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয় বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান। তিনি বলেন, সরকারি সুবিধা তুলনামূলক কম পেলেও মাদ্রাসা শিক্ষকেরা নিষ্ঠার সঙ্গে শিক্ষাদান করেন, যার প্রতিফলন বিশ্ববিদ্যালয়গুলোতে দেখা যাচ্ছে।
সোমবার (৬ জুলাই) দুপুরে টাঙ্গাইলের সখীপুর উপজেলা হলরুমে শিক্ষার মানোন্নয়ন বিষয়ে মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সরকারি স্কুলের শিক্ষকরা নিয়মিত বেতন, অবসরে পেনশন ও গ্র্যাচুইটির সুবিধা পান। কিন্তু অধিকাংশ মাদ্রাসা শিক্ষক সেই ধরনের সরকারি সুবিধা পান না। তবুও তারা দায়িত্ববোধ নিয়ে শিক্ষার্থীদের পাঠদান করে যাচ্ছেন।
তিনি বলেন, “আপনারা অবাক হবেন, আজ দেশের বড় বড় পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী মাদ্রাসা থেকে এসেছে। একইভাবে ইংলিশ মিডিয়াম ও কিন্ডারগার্টেন থেকেও অনেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে।”
মাদ্রাসা শিক্ষকদের সততা ও দায়িত্ববোধের প্রশংসা করে আহমেদ আযম খান বলেন, অনেক শিক্ষক ধর্মীয় ও নৈতিক দায়িত্ববোধ থেকে শিক্ষার্থীদের যথাযথ শিক্ষা দিতে আন্তরিকভাবে কাজ করেন। সীমিত আর্থিক সামর্থ্য নিয়েও তারা শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
সরকারি প্রাথমিক শিক্ষার মান নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, প্রাথমিক স্তর থেকে পড়াশোনা করে কতজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে পৌঁছাতে পারছে, সেটি পর্যালোচনা করা প্রয়োজন। শিক্ষার গুণগত মান উন্নয়নে সবাইকে আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

































