মনিরা শারমিনের রিট শুনতে অপারগতা হাইকোর্টের
- সর্বশেষ আপডেট ০৮:০৩:৩২ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
- / 44
সংরক্ষিত নারী আসনে মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে করা রিট শুনানি থেকে সরে দাঁড়িয়েছে হাইকোর্ট বেঞ্চ।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম আহ্বায়ক এবং সংরক্ষিত নারী আসনের প্রার্থী মনিরা শারমিনের করা রিট আবেদন শুনতে অপারগতা প্রকাশ করেছেন হাইকোর্ট। মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করেই তিনি এই রিট করেন।
সোমবার (৪ মে) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মামলাটি শুনতে অনাগ্রহ জানায়। আদালত সূত্রে জানা যায়, বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি আহমেদ সোহেল এবং আবেদনকারী একই সংসদীয় এলাকার ভোটার হওয়ায় নৈতিক বিবেচনায় তিনি এ মামলা থেকে নিজেকে সরিয়ে নেন।
আইনজীবীরা জানান, রিটটির পরবর্তী শুনানি মঙ্গলবার (৫ মে) বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন অন্য একটি হাইকোর্ট বেঞ্চে হতে পারে।
এর আগে নির্বাচন কমিশন (ইসি) রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বহাল রেখে মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করে দেয়। সেই সিদ্ধান্তের বৈধতা নিয়েই আদালতে প্রশ্ন তোলা হয়েছিল।
































