মডেল রিধিকার মৃত্যুর ঘটনায় কথিত প্রেমিক গ্রেপ্তার
- সর্বশেষ আপডেট ১০:৫৭:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
- / 75
রাজধানীর ভাটারায় মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে হাসিবুর রহমান নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, হাসিবুর রিধিকার কথিত প্রেমিক।
রোববার (১৬ আগস্ট) সকালে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, রিধিকার মা শনিবার বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন। ওই মামলায় হাসিবুর রহমানকে আসামি করা হয়েছে।
ওসি মাজহারুল ইসলাম বলেন, ঘটনার দিন হাসিবুর রিধিকাকে দেখতে ঘটনাস্থলে এসেছিলেন। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, শনিবার ভোরে বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে রিধিকার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, মৃত্যুর আগে কথিত প্রেমিক হাসিবুরের সঙ্গে তার কথাকাটাকাটি ও ঝগড়া হয়েছিল।
পরে রিধিকাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঘটনার সময় রিধিকা হাসিবুরের সঙ্গে ভিডিও কলে ছিলেন বলে প্রাথমিক তদন্তে তথ্য পাওয়া গেছে। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ এবং এর পেছনের পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে।
মডেলিংয়ের পাশাপাশি অভিনয়েও পরিচিতি পেয়েছিলেন রিধিকা রিধি। তার অভিনীত নাটকের মধ্যে ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’ ও ‘সুন্দরী’ উল্লেখযোগ্য।






























