মক্কা-মদিনায় হুমকি এলে ছাড় নয়: শামা
- সর্বশেষ আপডেট ০৬:৩৮:৩০ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
- / 147
পবিত্র মক্কা ও মদিনার ওপর কোনো ধরনের হুমকি এলে বাংলাদেশ নীরব থাকবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-০২ শামা ওবায়েদ। তিনি বলেছেন, এ দুই নগরী বিশ্বের মুসলমানদের ঐক্যের প্রতীক। এর সঙ্গে কোটি কোটি মানুষের আবেগ ও অনুভূতি জড়িত।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) প্রাঙ্গণে একটি সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আলোচিত ‘মক্কা প্যাক্ট’ বা সংশ্লিষ্ট জোটে বাংলাদেশের যোগদান এবং সৌদি আরবের অনুরোধে সেনা পাঠানোর সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ এখনো ওই জোটে যোগ দেয়নি। আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার পরই সেনা পাঠানোর বিষয়টি বিবেচনায় আসতে পারে। তাই বর্তমান পরিস্থিতিতে সৌদি আরবে সেনা পাঠানোর প্রশ্ন নেই।
তিনি আরও বলেন, সৌদি আরবের এই কঠিন সময়ে বাংলাদেশের সমর্থন রয়েছে। দেশটির সঙ্গে একাত্মতা প্রকাশের পাশাপাশি হামলা বন্ধের আহ্বান জানাচ্ছে বাংলাদেশ।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, সৌদি আরবের ক্রাউন প্রিন্সের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে একটি বিশেষ চিঠি পাঠানো হয়েছে। সৌদি আরবের সরকার ও জনগণের পাশে বাংলাদেশ সরকার এবং এ দেশের মানুষ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
সৌদি আরবের তেল শোধনাগারে হুতি বিদ্রোহীদের হামলার কারণে বাংলাদেশের জ্বালানি সরবরাহে কোনো প্রভাব পড়বে কি না, জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, আপাতত দেশের জ্বালানি খাতে বড় ধরনের শঙ্কা দেখছে না সরকার। জ্বালানি প্রতিমন্ত্রী বর্তমানে সৌদি আরব সফরে রয়েছেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। সরকারের আগাম প্রস্তুতির কারণে জ্বালানি সরবরাহে বড় ধরনের সমস্যা হবে না বলে আশা প্রকাশ করেন তিনি।
এদিকে, গত শনিবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নিহত এবং ২৪ জনের বেশি আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি জানান, আহতদের মধ্যে কয়েকজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। চলমান সংঘাতের অবসানও কামনা করেন তিনি।






























