ভোলায় গোবর থেকে জৈবসার ও বায়োগ্যাস উৎপাদন

- সর্বশেষ আপডেট ০২:১০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
- / 121
ভোলার তিন উপজেলায় গবাদিপশুর গোবর ব্যবহার করে বাণিজ্যিকভাবে জৈবসার ও বায়োগ্যাস উৎপাদন করছে বেসরকারি উন্নয়ন সংস্থা পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ)। পরিবেশদূষণ কমানো, জৈব বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা এবং বিকল্প জ্বালানি উৎপাদনের লক্ষ্যে নেওয়া এ উদ্যোগে যুক্ত হয়েছেন এক হাজার উদ্যোক্তা।
বিশ্বব্যাংকের অর্থায়ন ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় এফডিএর ‘সাসটেইনেবল মাইক্রোএন্টারপ্রাইজ অ্যান্ড রেজিলিয়েন্ট ট্রান্সফরমেশন’ (স্মার্ট) প্রকল্পের আওতায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রকল্পে বর্জ্যকে সম্পদে রূপান্তরের পাশাপাশি পরিবেশবান্ধব উৎপাদনপদ্ধতিকে গুরুত্ব দেওয়া হয়েছে।
চরফ্যাশন, লালমোহন ও বোরহানউদ্দিন উপজেলার এক হাজার উদ্যোক্তাকে এ প্রকল্পের সঙ্গে সম্পৃক্ত করা হয়েছে। এর মাধ্যমে কৃষিতে রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈবসারের প্রসার, পরিবেশদূষণ নিয়ন্ত্রণ এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন আয়ের সুযোগ তৈরির লক্ষ্য নেওয়া হয়েছে।
প্রকল্পসংশ্লিষ্টরা জানান, বর্তমানে মাঠপর্যায়ে ২০ জন উদ্যোক্তা প্রতি মাসে গড়ে ২৫ থেকে ৩০ টন জৈবসার উৎপাদন করছেন। স্থানীয় কৃষকদের মধ্যে এ সারের চাহিদাও বাড়ছে। বিশেষ করে সবজি ও তরমুজ চাষিরা এ সার ব্যবহারে আগ্রহী হচ্ছেন। পাশাপাশি ট্রাইকো কম্পোস্ট ও ভার্মি কম্পোস্ট উৎপাদনেও খামারিদের আগ্রহ তৈরি হয়েছে।
জৈবসারের পাশাপাশি গোবর থেকে বায়োগ্যাস উৎপাদনেও সাফল্য এসেছে। প্রকল্পের আওতায় ১২ জন খামারি ও উদ্যোক্তা বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করেছেন। এসব প্ল্যান্ট থেকে প্রতি মাসে প্রায় ৯০ ঘনমিটার গ্যাস উৎপাদিত হচ্ছে। পাইপলাইনের মাধ্যমে এ গ্যাস ব্যবহার করে রান্নার চাহিদা পূরণ করছেন স্থানীয় প্রায় ৫০টি পরিবার।
সংশ্লিষ্টদের মতে, গোবরের মতো জৈব বর্জ্যকে কাজে লাগিয়ে জৈবসার ও বায়োগ্যাস উৎপাদনের এ উদ্যোগ পরিবেশ সুরক্ষার পাশাপাশি খামারিদের বাড়তি আয়ের সুযোগ তৈরি করছে। একই সঙ্গে গ্রামীণ এলাকায় কর্মসংস্থান ও বিকল্প জ্বালানির প্রসারেও ভূমিকা রাখছে।































