ভোমরা বন্দর দিয়ে এলো ১০ ট্রাক ভারতীয় কাঁচা মরিচ
- সর্বশেষ আপডেট ০৮:৫৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
- / 148
দেশের বাজারে কাঁচা মরিচের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার মধ্যে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত ১০ ট্রাক কাঁচা মরিচ দেশে প্রবেশ করেছে বলে জানিয়েছেন বন্দর-সংশ্লিষ্টরা।
আমদানিকারকদের তথ্য অনুযায়ী, প্রতিটি ট্রাকে ৯ থেকে ১১ মেট্রিক টন করে কাঁচা মরিচ রয়েছে। প্রথম দিনেই প্রায় ১০০ মেট্রিক টন কাঁচা মরিচ দেশে এসেছে। এসব মরিচ দ্রুত দেশের বিভিন্ন পাইকারি বাজারে সরবরাহ করা হবে।
আমদানিকারক ব্যবসায়ী সাদ্দাম হোসেন বলেন, আমদানির অনুমতি পাওয়ার পরপরই ১০ ট্রাক কাঁচা মরিচ দেশে আনা হয়েছে। আগামীকাল থেকেই বাজারে এর প্রভাব পড়বে এবং কাঁচা মরিচের দাম কমতে শুরু করবে বলে আশা করা হচ্ছে।
ভোমরা কাস্টমস কমিশনার মোস্তাফিজুর রহমান জানান, সোমবার সন্ধ্যা পর্যন্ত ১০ ট্রাক ভারতীয় কাঁচা মরিচ বন্দরে প্রবেশ করেছে। শুল্ক ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে দ্রুত সেগুলো দেশের বিভিন্ন বাজারে পাঠানো হবে।
ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম বলেন, আগামী দিনগুলোতে আরও বেশি পরিমাণে কাঁচা মরিচ আমদানি হবে। এতে বাজারে সরবরাহ বাড়বে এবং মূল্য অস্থিরতা কমে আসবে।
সাতক্ষীরা শহরের কাঁচা-পাকামাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রজব আলী জানান, টানা বৃষ্টিতে মরিচের ক্ষেত পানিতে তলিয়ে যাওয়ায় উৎপাদনে বড় ধরনের ক্ষতি হয়েছে। এর ফলে গত ১৫ দিনের মধ্যে কাঁচা মরিচের দাম প্রতি কেজি ৫০ টাকা থেকে বেড়ে ৩০০ টাকায় পৌঁছেছে। তবে আমদানি শুরু হওয়ায় শিগগিরই বাজারে দাম স্বাভাবিক হওয়ার আশা করছেন ব্যবসায়ীরা।































