ভোটের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড: শামা

- সর্বশেষ আপডেট ০৭:২০:২৪ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
- / 176
ভোটারের হাতের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করা হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-০২ শামা ওবায়েদ ইসলাম।
শনিবার (১০ অক্টোবর) সকালে ফরিদপুরের নগরকান্দা উপজেলা পরিষদের হলরুমে ফ্যামিলি কার্ড কর্মসূচির সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, নির্বাচনের আগে দেশের ১৮ কোটি মানুষের কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। ভোটারের হাতের কালি শুকানোর আগেই এ প্রতিশ্রুতি পূরণ করা হয়েছে।
তিনি বলেন, গত ১৭ বছরে শেখ হাসিনা ও তার পরিবার দেশকে টুকরো টুকরো করে গেছে। সেখান থেকে দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে বর্তমান সরকার। তৃণমূল পর্যায় থেকে মানুষের ক্ষমতায়ন নিশ্চিত করতেই ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে।
পরে প্রতিমন্ত্রী আসন্ন দুর্গাপূজা-২০২৬ উদ্যাপন উপলক্ষে জিআর চাল বিতরণ অনুষ্ঠানে যোগ দেন।
সেখানে শামা ওবায়েদ বলেন, বর্তমান সরকার ‘সংখ্যালঘু’ শব্দে বিশ্বাস করে না। সবার সমান মর্যাদা নিশ্চিত করাই সরকারের দায়িত্ব। দুর্গাপূজা উদ্যাপনে যাতে স্বৈরাচারের দোসর বা কোনো গুপ্ত গোষ্ঠী বিঘ্ন ঘটাতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


































