ভেনিসে হামলার ঘটনায় বাঁধনের মামলা
- সর্বশেষ আপডেট ১০:২৯:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
- / 103
ইতালির ভেনিসে হামলা ও লাঞ্ছনার অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভেনিসের পিয়াচ্ছা লে রোমা পুলিশ স্টেশনে গিয়ে মামলা করেন তিনি। এ সময় প্রায় তিন ঘণ্টা থানায় অবস্থান করেন অভিনেত্রী।
জানা গেছে, ঘটনার ভিডিওচিত্রে যাদের দেখা গেছে, তাদের সবার বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলা দায়েরের সময় ইতালিতে বাংলাদেশের মিলান কনস্যুলেটের একটি প্রতিনিধিদল বাঁধনের সঙ্গে ছিল। হামলার ভিডিওচিত্রও পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে মঙ্গলবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বাঁধন জানিয়েছিলেন, মামলা না করে তিনি ভেনিস ছাড়বেন না। একই পোস্টে তিনি জানান, সোমবারের ঘটনার পর ইতালির পুলিশ তাকে নিরাপদ স্থানে পৌঁছে দেয়। বর্তমানে তিনি ভেনিসেই অবস্থান করছেন।
এদিকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার সাংবাদিক গোলাম মোর্তোজা এক ফেসবুক পোস্টে জানান, বাঁধনের সঙ্গে ফোনে তার বিস্তারিত কথা হয়েছে। তার দাবি, বাঁধন তিন আওয়ামী ‘জঙ্গির’ বিরুদ্ধে মামলা করেছেন। এ সময় ইতালিতে বাংলাদেশের দূতাবাসের দুই কর্মকর্তা ভেনিসে গিয়ে বাঁধনের সঙ্গে থানায় উপস্থিত ছিলেন।
গোলাম মোর্তোজা আরও জানান, অভিযুক্তদের ভিডিওচিত্র পুলিশকে দেওয়া হয়েছে। পাশাপাশি ইতালির মূলধারার গণমাধ্যমেও বাঁধনকে হেনস্তার ঘটনা নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে।
ভেনিস চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষও ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে দেখছে বলে জানান তিনি। উৎসবের আমন্ত্রিত অতিথি হিসেবে বাঁধনের ওপর হামলার বিষয়টি আয়োজকদের পক্ষ থেকে পুলিশকে অবহিত করা হয়েছে। একই সঙ্গে উৎসব কর্তৃপক্ষ বাঁধনকে আরও কয়েক দিন ভেনিসে থাকার সুযোগ দিয়েছে এবং এ সময় প্রয়োজনীয় নিরাপত্তা ও সহযোগিতার আশ্বাস দিয়েছে।
মামলা চলমান থাকলেও চলচ্চিত্র উৎসব শেষ হওয়ার পর বাঁধনের ঢাকায় ফেরার কথা রয়েছে। পরবর্তী সময়ে মামলার প্রয়োজনে সাক্ষ্য দিতে তাকে আবার ভেনিসে যেতে হতে পারে। এ বিষয়ে পুলিশ জানতে চাইলে বাঁধন ‘অবশ্যই আসব’ বলে জানিয়েছেন বলেও জানান গোলাম মোর্তোজা।
এর আগে সোমবার রাতে ভেনিসে বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে লাঞ্ছিত ও হেনস্তার অভিযোগ ওঠে। ঘটনার পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।






























