ভারত শেখ হাসিনাকে ব্যবহার করছে: রিজভী
- সর্বশেষ আপডেট ০৬:১২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
- / 52
ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের ওপর নিজেদের স্বার্থ প্রতিষ্ঠার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, বাংলাদেশের ওপর দিল্লির যে আগ্রাসী আকাঙ্ক্ষা রয়েছে, তা পূরণ করতেই ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। শেখ হাসিনাকে ব্যবহার করে ভারত নিজেদের স্বার্থ হাসিল করতে চায়।
তিনি বলেন, শেখ হাসিনা ভারতের মনমতো বিভিন্ন কর্মকাণ্ড করেছেন এবং দেশের সার্বভৌমত্বের সঙ্গে আপস করেছেন। এ কারণেই ভারত তাকে আত্মীয়ের মতো বিবেচনা করে বলে মন্তব্য করেন তিনি।
বিএনপির এই নেতা বলেন, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার ন্যায় ও নীতির ভিত্তিতে পরিচালিত হচ্ছে। অতীতে যারা গুম ও হত্যার সঙ্গে জড়িত ছিলেন, তাদের বিচারের মুখোমুখি করার দাবি জনগণের রয়েছে।
শেখ হাসিনার বিচার প্রসঙ্গে রিজভী বলেন, বিএনপি তার বিচার কার্যকর হতে দেখতে চায়। এত মানুষের মৃত্যুর পরও তিনি আবার সংবাদ সম্মেলন করে দেশে ফিরে আসা ও রাজনীতি করার কথা বলছেন—এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি আরও বলেন, শেখ হাসিনা নিজেকে অনেক ক্ষমতাবান মনে করেছিলেন এবং জনগণের শক্তিকে গুরুত্ব দেননি। শেষ পর্যন্ত সব শক্তির কাছে পরাজিত হয়ে তাকে দেশ ছাড়তে হয়েছে।
রিজভীর অভিযোগ, শেখ হাসিনা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের পরিবারকে ধ্বংস করার চেষ্টা করেছিলেন। আর যারা তাকে আশ্রয় দিয়েছে, তারা শেখ হাসিনাকে ব্যবহার করে নিজেদের রাজনৈতিক ও কৌশলগত স্বার্থ পূরণ করতে চাইছে।
































