ভারতের টেস্ট দলে বড় চমক
- সর্বশেষ আপডেট ০২:০৩:১২ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
- / 53
শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারত। ইনজুরিতে ছিটকে যাওয়া জাসপ্রীত বুমরাহর পরিবর্তে প্রথমবারের মতো জাতীয় দলে সুযোগ পেয়েছেন জম্মু ও কাশ্মীরের পেসার আকিব নবি।
ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাঁ হাঁটুতে চোট পান বুমরাহ। সেই চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় শ্রীলঙ্কা সফরের টেস্ট দল থেকে বাদ পড়েছেন ভারতের অভিজ্ঞ এই পেসার।
দল ঘোষণার পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানায়, নির্বাচকরা বুমরাহর পরিবর্তে আকিব নবিকে দলে অন্তর্ভুক্ত করেছেন। এটি ২৪ বছর বয়সী এই পেসারের প্রথম জাতীয় দল ডাক।
ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই জাতীয় দলে জায়গা পেয়েছেন আকিব। রঞ্জি ট্রফির গত দুই মৌসুমে তিনি নিয়েছেন ১০৪টি উইকেট। এর মধ্যে ২০২৫-২৬ মৌসুমেই শিকার করেন ৬০ উইকেট। তার অসাধারণ বোলিংয়ে ইতিহাসে প্রথমবারের মতো রঞ্জি ট্রফির শিরোপা জেতে জম্মু ও কাশ্মীর।
জাতীয় দলে সুযোগ পাওয়ার ইঙ্গিত অবশ্য আগেই মিলেছিল। সম্প্রতি শ্রীলঙ্কা সফরে ভারত ‘এ’ দলের হয়ে দুটি প্রথম শ্রেণির ম্যাচে খেলেন আকিব। সেখানে ৬ উইকেট নিয়ে নির্বাচকদের নজর কাড়েন তিনি।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) অংশ হিসেবে শ্রীলঙ্কা-ভারত দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে ১৫ আগস্ট গলে। দ্বিতীয় ও শেষ টেস্ট ২৩ আগস্ট কলম্বোতে অনুষ্ঠিত হবে।
শ্রীলঙ্কা সিরিজে ভারতের টেস্ট দল:
শুভমান গিল (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), সাই সুদর্শন, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মানব সুথার, মোহাম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণ, গুরনুর ব্রার, আকিব নবি, দেবদূত পাডিক্কাল ও সারাংশ জৈন।
































