ভাঙা কালভার্টে ঝুঁকিতে চরফ্যাশনের পর্যটন সড়ক
- সর্বশেষ আপডেট ০৫:২৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
- / 108
ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান বাজার থেকে খেজুরগাছিয়া পর্যটনকেন্দ্রে যাওয়ার সড়কের একটি পুরোনো কালভার্ট ভেঙে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা, যানবাহন চালক ও পর্যটকরা।
প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই এ পর্যটনকেন্দ্রে ভিড় করেন বিভিন্ন এলাকার মানুষ। তবে পর্যটন মৌসুমের মধ্যেই সড়কের মাঝখানে থাকা কালভার্টটির বড় অংশ ভেঙে যাওয়ায় দুর্ঘটনার আশঙ্কা বেড়েছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কালভার্টটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও প্রয়োজনীয় সংস্কার করা হয়নি। সম্প্রতি এর মাঝের বড় একটি অংশ ভেঙে পড়েছে। ফলে প্রতিদিন এ পথ ব্যবহারকারী মানুষকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। বিশেষ করে রাতে চলাচলের সময় দুর্ঘটনার আশঙ্কা আরও বাড়ে।
এদিকে উপজেলা সদর থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরের এই সড়কের প্রায় পাঁচ কিলোমিটার অংশই ভাঙাচোরা অবস্থায় রয়েছে। এছাড়া বেড়িবাঁধ থেকে খেজুরগাছিয়া পর্যটনকেন্দ্র পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তা এখনো কাঁচা। বৃষ্টির সময় এ পথে চলাচল আরও কঠিন হয়ে পড়ে।
পর্যটনকেন্দ্রে ঘুরতে আসা আরবি রহমান বলেন, জায়গাটি খুবই সুন্দর। কিন্তু সেখানে যাওয়ার রাস্তার এমন দুরবস্থা দেখে হতাশ হয়েছেন তিনি। একটি সম্ভাবনাময় পর্যটনকেন্দ্রে যোগাযোগ ব্যবস্থা এত ঝুঁকিপূর্ণ হওয়া দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি।
স্থানীয়দের অভিযোগ, সড়কের দুই পাশে প্রয়োজনীয় মাটি না দেওয়ায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে। বর্তমানে সড়কের বেহাল অবস্থার কারণে সিএনজিচালিত অটোরিকশা ও লেগুনা ছাড়া অন্য যানবাহন চলাচল করতে চায় না।
যানবাহন চালকরাও ঝুঁকির কথা জানিয়ে বলেন, রাতে চলাচলের সময় হঠাৎ ভাঙা কালভার্ট সামনে পড়লে গাড়ির নিয়ন্ত্রণ রাখা কঠিন হয়ে পড়ে। এতে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।
এলাকাবাসী দ্রুত কালভার্ট সংস্কার বা নতুন করে নির্মাণ এবং সড়ক মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, নিরাপদ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা না গেলে পর্যটন খাতসহ স্থানীয় মানুষের জীবনযাত্রাও ক্ষতিগ্রস্ত হবে।



































