বৃষ্টিতে শাহ আমানতে নামতে পারেনি ৩ ফ্লাইট
- সর্বশেষ আপডেট ০৪:০৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
- / 68
চট্টগ্রামে টানা অতি ভারি বর্ষণের কারণে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মঙ্গলবার (৭ জুলাই) দুটি আন্তর্জাতিক ও একটি অভ্যন্তরীণ ফ্লাইট অবতরণ করতে পারেনি।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম খলিল জানান, আবুধাবি থেকে চট্টগ্রামগামী ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-৩৫০ এবং শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার জি৯-৫২৬ ফ্লাইট চট্টগ্রামে নামতে না পেরে ঢাকায় অবতরণ করে।
এ ছাড়া ঢাকা থেকে চট্টগ্রামগামী বাংলাদেশ বিমানের বিজি-১২১ ফ্লাইট বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রামে অবতরণ করতে না পেরে পুনরায় ঢাকায় ফিরে যায়।
তবে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও চট্টগ্রাম থেকে নির্ধারিত সব ফ্লাইট যথাসময়ে ছেড়ে গেছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
এদিকে, রোববার থেকে শুরু হওয়া বৃষ্টিপাত সোমবার অতি ভারি বর্ষণে রূপ নেয়। মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় পতেঙ্গা আবহাওয়া অফিস ৩৮৬ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে, যা অতি ভারি বর্ষণের মধ্যে পড়ে।
এ বৃষ্টিতে নগরীর আগ্রাবাদ, সিডিএ আবাসিক এলাকা, কাতালগঞ্জ, পাঁচলাইশ, চকবাজার, হালিশহর, রামপুর ও বাটালি রোডসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েছেন নগরবাসী, সড়কে যানবাহন চলাচলও ছিল সীমিত। বৈরী আবহাওয়ার কারণে নগরীর কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে।

































