বিসিবি’তে পদত্যাগের হিড়িকের নেপথ্যে
- সর্বশেষ আপডেট ০৪:২৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
- / 61
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) একের পর এক পরিচালক পদত্যাগ করছেন। মাত্র ছয় মাস বয়স সম্পন্ন বর্তমান বোর্ডের ২৫ পরিচালক থেকে ইতিমধ্যেই সাতজন সরে দাঁড়িয়েছেন। এভাবে ক্রমাগত পদত্যাগ বোর্ডের কার্যক্রম ও ভবিষ্যৎ নিয়ে শঙ্কা তৈরি করেছে।
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বলেছেন, প্রয়োজন হলে সবাই চলে গেলেও তিনি শেষ পর্যন্ত দায়িত্বে থাকবেন। তিনি অভিযোগ করেছেন, বোর্ডকে শান্তিতে কাজ করতে দেওয়া হয়নি; বাইরের একটি ‘এক্সটার্নাল ফোর্স’ বারবার তাদের কাজে বিঘ্ন ঘটাচ্ছে।
গতকাল ফাইয়াজুর রহমান, শানিয়ান তানিম, মেহরাব আলম ও মনজুর আলম পদত্যাগের ঘোষণা দেন। এর আগে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন ইশতিয়াক সাদেক, আমজাদ হোসেন ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল। একের পর এক পদত্যাগের ঘটনায় বোর্ডে অনিশ্চয়তা বেড়েছে।
বোর্ড সভার পরে আমিনুল বলেন, ‘একটা চেয়ার নিয়ে বসে থাকব। কী করব? আই উইল বি দ্য লাস্ট পারসন টু গো।’ তিনি দাবি করেছেন, কেন অন্যান্য পরিচালকরা পদত্যাগ করেছেন তা তার জানা নেই।
তিনি আরও বলেন, ‘আমরা ছয় মাস ধরে বোর্ড চালাচ্ছি, কিন্তু একদিনও শান্তিতে কাজ করতে পারিনি। বাইরের এক্সটার্নাল ফোর্স সব সময় আমাদের বিঘ্ন করছে।’ উদাহরণ হিসেবে আট বছর আগে নারী ক্রিকেট সংক্রান্ত আগের বোর্ডের কার্যক্রমকে তুলে ধরে বোর্ডকে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে বলে উল্লেখ করেন।
জাতীয় ক্রীড়া পরিষদ গত ১১ মার্চ পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। তারা ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদনে বোর্ডের দায়িত্ব গ্রহণ ও নির্বাচনের স্বচ্ছতা নিয়ে সুপারিশ দেবে।
আমিনুল আরও বলেন, ‘আমি সবকিছু ছেড়ে দিয়েও দেশের জন্য কাজ করতে চাই। অন্য পথও দেখব, কিন্তু দেশের কাজে অনিহা নেই।’
































