বিশ্বকাপ দেখাবে সময় টিভি, বিটিভি ও টি-স্পোর্টস
- সর্বশেষ আপডেট ০৩:৫৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
- / 672
২০২৬ ফুটবল বিশ্বকাপের ম্যাচ বাংলাদেশে সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা কাটল। টুর্নামেন্ট শুরুর এক সপ্তাহ আগে তিনটি টিভি চ্যানেল—সময় টিভি, বিটিভি ও টি-স্পোর্টস—ফিফার কাছ থেকে আনুষ্ঠানিক সম্প্রচার স্বত্ব পেয়েছে।
২০২৬ ফুটবল বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের বেসরকারি সংবাদভিত্তিক চ্যানেল সময় টেলিভিশন। পাশাপাশি রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বিটিভি এবং ক্রীড়াভিত্তিক চ্যানেল টি-স্পোর্টসেও খেলা উপভোগ করতে পারবেন দর্শকরা। তিনটি চ্যানেলের একটি যৌথ কনসোর্টিয়াম সরাসরি ফিফার কাছ থেকে সম্প্রচার স্বত্ব কিনেছে।
এর আগে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান স্প্রিংবক প্রাইভেট লিমিটেড বাংলাদেশের জন্য বিশ্বকাপের সম্প্রচার অধিকার অর্জন করলেও স্থানীয় বাজারে তা বিক্রি করতে ব্যর্থ হয়ে চুক্তি থেকে সরে দাঁড়ায়। ফলে বিশ্বকাপ শুরুর অল্প সময় আগে পর্যন্ত দেশে কোনো সম্প্রচারকারী প্রতিষ্ঠান চূড়ান্ত হয়নি।
এই জটিলতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। তারা বিভিন্ন ক্রীড়া চ্যানেল, গণমাধ্যম, টেলিকম অপারেটর ও ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে সমন্বয় করে সম্প্রচার স্বত্ব নিশ্চিত করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ডিজিটাল ও টেলিকম খাতের নতুন আয়ের উৎস কাজে লাগিয়ে এই উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। এছাড়া এবার বিটিভির কোনো আর্থিক ব্যয় হচ্ছে না; সম্প্রচারের পুরো খরচ বহন করবে স্যাটেলাইট চ্যানেল ও টেলিকম অপারেটররা।




































