বাংলাপিডিয়ার প্রধান সম্পাদককে স্বর্ণপদক প্রদান
- সর্বশেষ আপডেট ১১:৩১:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
- / 105
বাংলাদেশের ইতিহাসচর্চা ও জাতীয় জ্ঞানকোষ বাংলাপিডিয়া প্রকাশে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট ইতিহাসবিদ ও গবেষক অধ্যাপক সিরাজুল ইসলামকে স্বর্ণপদক দিয়েছে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি।
‘ড. হারুন-অর-রশিদ ট্রাস্ট ফান্ড স্বর্ণপদক ২০২৬’ শীর্ষক এ সম্মাননা বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এশিয়াটিক সোসাইটির মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে তুলে দেওয়া হয়। এ সময় তাঁকে স্বর্ণপদক ও সনদ দেওয়া হয়।
১৪ খণ্ডে বাংলা ও ইংরেজিতে প্রকাশিত বাংলাদেশের জাতীয় জ্ঞানকোষ বাংলাপিডিয়ার প্রধান সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন অধ্যাপক সিরাজুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. হারুন-অর-রশিদ ট্রাস্ট ফান্ডের সভাপতি অধ্যাপক ড. খন্দকার বজলুল হক। প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ইমেরিটাস অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। অনুষ্ঠান সঞ্চালনার পাশাপাশি স্বর্ণপদকপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল ইসলামের ওপর সম্মাননাপত্র পাঠ করেন এশিয়াটিক সোসাইটির সম্পাদক ও ট্রাস্ট ফান্ডের আহ্বায়ক অধ্যাপক ড. আশা ইসলাম নাঈম।
অনুষ্ঠানে বক্তব্য দেন এশিয়াটিক সোসাইটির সভাপতি অধ্যাপক ড. সাজাহান মিয়া, ট্রাস্ট ফান্ডের প্রতিষ্ঠাতা ড. হারুন-অর-রশিদ এবং অধ্যাপক ডালিয়া আহমেদ।
ড. হারুন-অর-রশিদ বলেন, অধ্যাপক সিরাজুল ইসলামের সম্পাদনায় প্রকাশিত বাংলাপিডিয়া দেশ-বিদেশের বিদ্বৎসমাজে ব্যাপকভাবে সমাদৃত। এত গুরুত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে বাংলাদেশের কোনো সরকার তাঁকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা দেয়নি; বিষয়টি তাঁকে পীড়িত করেছে। অধ্যাপক সিরাজুল ইসলামকে সম্মানিত করার লক্ষ্যেই এশিয়াটিক সোসাইটিতে ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠা করেছিলেন বলে জানান তিনি। এই সম্মাননা প্রদানের মধ্য দিয়ে তাঁর সেই স্বপ্ন পূরণ হয়েছে বলেও উল্লেখ করেন।
প্রধান অতিথি অধ্যাপক ড. এস এম এ ফায়েজ বলেন, অধ্যাপক সিরাজুল ইসলাম শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের কাছে অত্যন্ত প্রিয় এবং গবেষক হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত। তাঁর মতে, অনেক আগেই রাষ্ট্রীয় পর্যায়ে এ ধরনের সম্মাননা পাওয়া উচিত ছিল অধ্যাপক সিরাজুল ইসলামের। গুণীজনদের যথাযথ সম্মান জানানো জ্ঞানভিত্তিক সমাজ গঠনের জন্য জরুরি বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সদস্য, শিক্ষাবিদ, গবেষকসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।






























