ফ্যাসিস্ট সরকারের সহযোগীদের চিহ্নিতে তদন্ত চলছে
- সর্বশেষ আপডেট ১০:৪৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
- / 59
ফ্যাসিস্ট সরকারকে দীর্ঘস্থায়ী করতে প্রশাসনে যেসব কর্মকর্তা কাজ করেছেন, তাদের চিহ্নিত করতে তদন্ত চলছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আবদুল বারী। তদন্ত শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
প্রশাসনে বিগত ফ্যাসিস্ট সরকারের পক্ষে কাজ করা কর্মকর্তাদের চিহ্নিত করতে সরকারের বিভিন্ন তদন্ত সংস্থা কাজ করছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আবদুল বারী।
মঙ্গলবার (৭ জুলাই) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলামের প্রশ্নের জবাবে তিনি বলেন, তদন্ত শেষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা রয়েছে।
প্রতিমন্ত্রী জানান, ৩০ জুন ২০২৫ পর্যন্ত দেশে সরকারি চাকরিতে ১৪ লাখ ৬৪ হাজার ৩৫০ জন কর্মকর্তা-কর্মচারী কর্মরত রয়েছেন। বর্তমানে শূন্য পদ রয়েছে ৫ লাখ ২১ হাজার ৯২২টি।
তিনি আরও জানান, সচিব ও সিনিয়র সচিবের ৬৯টি পদের বিপরীতে কর্মরত আছেন ৬৭ জন। অতিরিক্ত সচিবের ৩৬৮টি পদের বিপরীতে ৩৭৮ জন, যুগ্ম সচিবের ১ হাজার ১১৬টি পদের বিপরীতে ৮৯৩ জন এবং উপসচিবের ২ হাজার ২৪৫টি পদের বিপরীতে ২ হাজার ৯৪০ জন দায়িত্ব পালন করছেন।
আরও এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে বিভিন্ন ক্যাডারে মোট ৮ হাজার ৯৯টি পদ শূন্য রয়েছে।
বিসিএস নিয়োগ প্রসঙ্গে তিনি জানান, ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল বিজ্ঞপ্তি প্রকাশের এক বছর সাত মাসের মধ্যে প্রকাশ করা হয়েছে। সরকারের লক্ষ্য, ৫০তম বিসিএসের ফল এক বছরের মধ্যেই প্রকাশ করা।
এ ছাড়া সরকারি চাকরিতে বর্তমানে নারী কর্মকর্তা-কর্মচারীর হার ২৯ শতাংশ এবং যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে নিয়মিত পদোন্নতি দেওয়া হচ্ছে বলে জানান তিনি।




































