ফের নামঞ্জুর এমপি গাজী নজরুলের জামিন

- সর্বশেষ আপডেট ০৫:৪৭:২৯ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
- / 90
দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরার সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের জামিন আবেদন আবারও নামঞ্জুর করেছেন আদালত। এ নিয়ে তৃতীয়বারের মতো তার জামিন আবেদন খারিজ হলো।
রোববার (১১ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আল বিরুনী মীরের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এদিন আসামিপক্ষের আইনজীবী মাহাবুবুর রহমান জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন।
এর আগে গত ৭ অক্টোবর গাজী নজরুলের জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবী। সেদিন আদালত পর্যবেক্ষণে বলেন, আসামি বয়স্ক হলেও ভুক্তভোগী ছিলেন অল্পবয়সী। আসামির হেফাজতে থাকা অবস্থায় ভুক্তভোগীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। এ মামলায় আসামিকে জামিন দেওয়া হলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। এসব বিবেচনায় সেদিনও তার জামিন আবেদন নামঞ্জুর করা হয়।
এর আগে গত ৩০ সেপ্টেম্বর একই মামলায় গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামের জামিন আবেদন করা হয়েছিল। সেদিন আদালত মাকছুদা ইসলামকে জামিন দিলেও গাজী নজরুলের আবেদন খারিজ করেন।
মামলার নথি অনুযায়ী, গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় সংসদ ভবনের বিপরীতে ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ শেরেবাংলা নগর থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন।
মামলায় গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম এবং মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়। মামলা দায়েরের পরদিন আদালত গাজী নজরুলের চার দিন এবং মাকছুদা ইসলামের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে মামলাটির তদন্তভার গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।
পরবর্তী সময়ে গাজী নজরুলের আরও এক দফা রিমান্ড মঞ্জুর করেন আদালত। দুই দফায় মোট আট দিনের রিমান্ড শেষে গত ২৮ সেপ্টেম্বর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। এদিকে মামলার অপর আসামি ওবায়দুর রহমানকেও গ্রেপ্তার করা হয়েছে। রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে সোমবার তাকে কারাগারে পাঠানো হয়।






























