প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগের দাবি, বিপাকে দফাদার

- সর্বশেষ আপডেট ০৭:২৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
- / 145
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নিয়মিত ফোন ও ভিডিও কলে কথা হয়; এমন দাবি করে সাধারণ মানুষের ওপর প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে খুলনার কয়রা ইউনিয়ন পরিষদের দফাদার মতিয়ার রহমানের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে সেবা নিতে আসা মানুষের সঙ্গে দুর্ব্যবহার, টাকা ছাড়া কাজ না করা এবং কাগজপত্র ছিঁড়ে দেওয়ারও অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। এসব অভিযোগে ইউনিয়ন পরিষদের ১২ সদস্যের সমর্থনে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হলেও এখনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ সংশ্লিষ্টদের।
কয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লুৎফর রহমান ও পরিষদের একাধিক সদস্যও মতিয়ার রহমানের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তাঁদের দাবি, প্রধানমন্ত্রীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে বলে প্রচার করে সাধারণ মানুষের মধ্যে নিজের প্রভাব বিস্তারের চেষ্টা করেন তিনি।
চেয়ারম্যান মো. লুৎফর রহমান বলেন, মতিয়ার রহমান বিভিন্ন সময় তাঁর কাছে এবং ইউনিয়ন পরিষদের সদস্যদের কাছে প্রধানমন্ত্রীর সঙ্গে নিয়মিত কথা হয় বলে দাবি করেছেন। এভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগের কথা বলে সাধারণ মানুষের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী আসাদুল হক বলেন, দফাদার মতিয়ার রহমানের আচরণ ভালো নয়। ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসা মানুষের সঙ্গে তিনি দুর্ব্যবহার করেন। টাকা না দিলে কাজ করে দেন না বলেও অভিযোগ রয়েছে। এমনকি মানুষের কাগজপত্র ছিঁড়ে দেওয়ার ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, এসব আচরণে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছেন। আগেও তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, মতিয়ার রহমানের বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠার পর পরিষদের ১২ সদস্যের সমর্থনে একটি রেজুলেশন গ্রহণ করা হয়। পরে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে সেটি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে পাঠানো হয়। তবে এখনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের।
এ বিষয়ে কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল আল বাকি বলেন, “বিষয়টি জেনেছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।”
অন্যদিকে, নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে দফাদার মতিয়ার রহমান বলেন, “দফাদারের চাকরি করি তাই কী হইছে? চাকরি যদি না থাকে থাকুক। আমি শিক্ষিত মানুষ। অ্যাডভোকেট পড়ছি, আইনজীবী হব। এ চাকরি না থাকলে কিছুই আসে যায় না।”
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নিয়মিত যোগাযোগের বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি।
স্থানীয়দের দাবি, মতিয়ার রহমান বিভিন্ন ব্যক্তির কাছে প্রধানমন্ত্রীর সঙ্গে মোবাইল ফোন ও ভিডিও কলে কথা বলার কথা প্রচার করেন। এর মাধ্যমে প্রভাব বিস্তারের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ তাঁদের। একজন সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মচারীর কাছ থেকে দায়িত্বশীল ও জনবান্ধব আচরণ প্রত্যাশা করেন তাঁরা। অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।































