প্রতিশোধপরায়ণ হইনি, হতে চাই না: আইনমন্ত্রী
- সর্বশেষ আপডেট ০৩:৩৬:০৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
- / 88
সাতক্ষীরায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ, সুশাসন ও জবাবদিহিতা নিয়ে মতবিনিময় করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় আইনমন্ত্রী বলেন, পুলিশ বাহিনীকে দলীয় দাসত্বে পরিণত করা হয়েছিল। ২০২৪ সালের আগস্টের পর পুলিশ সদস্যদের মানসিক শক্তি ও সাহস জোগাতে হয়েছে। বর্তমানে তারা নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করছেন এবং সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন।
মাদক নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেন, শুধু দেশের কিছু মানুষ মাদক ব্যবসার সঙ্গে জড়িত নয়; প্রতিবেশী রাষ্ট্র থেকেও মাদকের চালান দেশে আসছে। এ ক্ষেত্রে মাদক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
দুর্নীতি প্রসঙ্গে মো. আসাদুজ্জামানবলেন, দুর্নীতি দুই ধরনের; অর্থনৈতিক ও বুদ্ধিবৃত্তিক। তিনি বলেন, কেউ টাকা না খেলেও এমন একটি পদে থেকে মানুষের ন্যায়বিচারের পরিবর্তে কীভাবে ক্ষতি করা যায়, সেই চিন্তা করলে সেটিও দুর্নীতি। দুর্নীতির এই দুই ধরনের প্রবণতাই বন্ধ করতে হবে।
রাজনৈতিক প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ‘আমরা প্রতিশোধপরায়ণ এখনো হইনি, আমরা হতে চাই না।’ বাংলাদেশের মানুষের সুশাসন নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় কাজ করে যাওয়ার কথা জানান তিনি।
তিনি বলেন, মাদকের বিরুদ্ধে যেমন কথা বলা হচ্ছে, তেমনি রাজনৈতিক দুর্বৃত্তায়নের বিরুদ্ধেও অবস্থান নেওয়া হচ্ছে। বিএনপির কোনো নেতা যদি রাজনৈতিক দুর্বৃত্তায়নের পথে বাধা হয়ে দাঁড়ান, সে ক্ষেত্রেও প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কোনো ধরনের রাজনৈতিক দুর্বৃত্তায়নকে প্রশ্রয় দেওয়া হবে না।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, বিগত সময়ে রাজনৈতিক হয়রানিমূলক মামলার বাদী হতো পুলিশ। কিন্তু ৫ আগস্টের পর পুলিশ বাদী হয়ে রাজনৈতিক হয়রানিমূলক মামলা করেছে; এমন কোনো উদাহরণ নেই। তবে কোনো ব্যক্তি মামলা করলে পুলিশ তা নিতে অস্বীকার করতে পারে না। সেক্ষেত্রে অভিযোগ খতিয়ে দেখে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, ‘এই ব্যালেন্সের জায়গায় আমরা এসেছি। আগের মতো মিথ্যা গায়েবি মামলা আর নেই।’
মতবিনিময় সভায় জেলার সংসদ সদস্য, জেলা পরিষদ প্রশাসক, জেলা প্রশাসক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন। সভায় জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন বক্তারা।
পরে বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে আয়োজিত আলোচনা সভায় অংশ নেওয়ার কথা রয়েছে আইনমন্ত্রীর।





























