মন্ত্রিসভায় অনুমোদন
পুরোনো বাণিজ্য মেলার মাঠে যাচ্ছে সচিবালয়

- সর্বশেষ আপডেট ০৮:১৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
- / 129
রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। পুরোনো বাণিজ্য মেলার মাঠে নতুন সচিবালয় কমপ্লেক্স নির্মাণ করে সরকারি দপ্তরগুলো সেখানে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করেছে সরকার। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৯ সালে নতুন স্থানে সচিবালয়ের কার্যক্রম শুরু হবে।
রোববার (১৮ অক্টোবর) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মন্ত্রিসভার সিদ্ধান্তের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।
বর্তমানে রাজধানীর আবদুল গনি রোডে বাংলাদেশ সচিবালয়ের কার্যক্রম পরিচালিত হচ্ছে। নতুন কমপ্লেক্স নির্মাণের মাধ্যমে সচিবালয়কে শেরেবাংলা নগরে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।
এর আগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় সচিবালয় স্থানান্তরের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেয় সরকার। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত ওই সভায় গণপূর্ত মন্ত্রণালয়, গণপূর্ত অধিদপ্তর ও স্থাপত্য অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর পরদিন সচিবালয় স্থানান্তরের প্রস্তাবিত প্রকল্পটি বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) অন্তর্ভুক্ত করার জন্য পরিকল্পনা কমিশনকে চিঠি দেয় গণপূর্ত মন্ত্রণালয়।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, নতুন সচিবালয় কমপ্লেক্সের প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ শেষ হলে ২০২৯ সালে শেরেবাংলা নগর থেকে সরকারি দপ্তরগুলোর কার্যক্রম পরিচালনা শুরু হবে।































