পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি

- সর্বশেষ আপডেট ০৮:৫৭:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
- / 165
চব্বিশের গণঅভ্যুত্থানে সামনের সারিতে থাকা ছাত্রনেতাদের গড়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করা হচ্ছে। দলের তিনজন কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, আগামী দু-এক দিনের মধ্যে এ পরিবর্তনের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, পুনর্গঠিত কমিটিতেও আহ্বায়ক থাকছেন নাহিদ ইসলাম এবং সদস্য সচিবের দায়িত্বে থাকছেন আখতার হোসেন। সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে আসতে পারেন হাসনাত আবদুল্লাহ ও নাসীরুদ্দীন পাটওয়ারী।
বর্তমানে হাসনাত আবদুল্লাহ দলের মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) এবং নাসীরুদ্দীন পাটওয়ারী মুখ্য সমন্বয়কের দায়িত্ব পালন করছেন। নতুন কমিটিতে তাঁদের দায়িত্ব পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমকে সিনিয়র যুগ্ম সদস্য সচিব করার বিষয়ে আলোচনা চলছে। দলের মুখপাত্রের দায়িত্বে থাকা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদেও পরিবর্তন আসতে পারে।
সারজিস আলমকে দলের সাংগঠনিক কার্যক্রম তদারকির দায়িত্ব দেওয়ার বিষয়ে আলোচনা রয়েছে। এ কাজে তাঁকে সহযোগিতা করতে পারেন রাজনৈতিক পরিষদের সদস্য আরিফুল ইসলাম আদীব ও আলী আহসান জুনায়েদ।
কমিটি পুনর্গঠনের বিষয়ে জানতে চাইলে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এ বিষয়ে দলের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।






























