পাহাড় ডাকছে, পর্যটক বরণে প্রস্তুত বান্দরবান
- সর্বশেষ আপডেট ০৭:০৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
- / 141
পাহাড়ের আঁকাবাঁকা পথ, সবুজের সমারোহ, মেঘের আনাগোনা আর ঝরনার কলতান; প্রকৃতির এমন অপরূপ সৌন্দর্যে পর্যটকদের বরাবরই আকর্ষণ করে বান্দরবান। কর্মব্যস্ত জীবনের একঘেয়েমি কাটিয়ে প্রশান্তির খোঁজে পাহাড়ি এ জেলায় ছুটে আসেন ভ্রমণপিপাসুরা। আসন্ন দুর্গাপূজা ও প্রবারণা উৎসবের টানা ছুটিকে কেন্দ্র করে পর্যটক বরণের প্রস্তুতি নিচ্ছেন স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা।
জেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্রগুলোর মধ্যে রয়েছে নীলাচল, মেঘলা, শৈলপ্রপাত, দেবতাখুম, নাফাখুম, আমিয়াখুম ও লাংলোক ঝরনা। পাহাড়ের মনোরম দৃশ্য উপভোগ, ছবি তোলা এবং পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটাতে এসব স্থানে ভিড় করেন পর্যটকেরা। ছুটিতে পর্যটকের সংখ্যা বাড়লে এসব কেন্দ্র ঘিরে স্থানীয় অর্থনীতিতেও গতি ফিরবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
পর্যটন ব্যবসায়ীরা জানান, আসন্ন ছুটিকে সামনে রেখে হোটেল-মোটেল ও রিসোর্টগুলোতে আগাম বুকিং শুরু হয়েছে। এরই মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ৫০ থেকে ৭০ শতাংশ কক্ষ বুকিং হয়ে গেছে। ছুটি ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বুকিং আরও বাড়বে বলে প্রত্যাশা তাঁদের।
গ্র্যান্ড ভ্যালির ব্যবস্থাপক সুমন বলেন, পূজা ও প্রবারণা উৎসবের টানা ছুটিতে পর্যটকদের বরণে তাঁদের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে হোটেলের প্রায় ৫০ থেকে ৬০ শতাংশ কক্ষ বুকিং হয়েছে। টানা ছুটিতে পর্যটকদের ভালো সমাগম হবে বলে আশা করছেন তাঁরা।
পর্যটকদের যাতায়াত নির্বিঘ্ন করতে প্রস্তুত রাখা হয়েছে চার শতাধিক চাঁদের গাড়ি। পাহাড়ি পথে চলাচলের উপযোগী এসব গাড়ি বান্দরবানের পর্যটন ব্যবস্থার অন্যতম অংশ। পর্যটকের সংখ্যা বাড়লে চালক, পরিবহনকর্মী, রেস্তোরাঁ ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যস্ততাও বাড়বে।
জীপ ও মাইক্রোবাস মালিক সমিতির লাইনম্যান কামাল বলেন, বিভিন্ন পর্যটনকেন্দ্রে যাতায়াতের জন্য চার শতাধিক চাঁদের গাড়ি প্রস্তুত রয়েছে। জেলার পর্যটনকেন্দ্রগুলো উন্মুক্ত থাকায় এবারের ছুটিতে পর্যটকের আগমন বাড়বে বলে তাঁরা আশা করছেন। আগের বিভিন্ন সমস্যায় যে ক্ষতি হয়েছে, তা কিছুটা পুষিয়ে নেওয়ার প্রত্যাশাও রয়েছে তাঁদের।
তবে পর্যটকের চাপ বাড়লে আবাসনসংকট দেখা দেওয়ার আশঙ্কাও করছেন ব্যবসায়ীরা। বিশেষ করে শেষ মুহূর্তে পর্যটকের সংখ্যা বেড়ে গেলে হোটেল-মোটেল ও রিসোর্টে কক্ষ পাওয়া কঠিন হতে পারে। এ কারণে আগেভাগে বুকিং করে বান্দরবান ভ্রমণের পরিকল্পনা করার পরামর্শ দিয়েছেন তাঁরা।
হোটেল-মোটেল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বলেন, পূজার ছুটি উপলক্ষে হোটেল-মোটেলে ১০ থেকে ১৫ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। টানা ছুটিতে পর্যটকের চাপ বাড়তে পারে। তাই ভ্রমণে আসার আগে আবাসন নিশ্চিত করে নেওয়া ভালো।
এদিকে পর্যটকদের নিরাপত্তা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ। বান্দরবানের পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার বলেন, ছুটিতে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাঁদের বাড়তি সুযোগ-সুবিধা দেওয়ার বিষয়ে পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সব মিলিয়ে আসন্ন ছুটিকে ঘিরে পর্যটক বরণের অপেক্ষায় পাহাড়কন্যা বান্দরবান। পর্যটকদের আগমন বাড়লে প্রকৃতির সৌন্দর্য উপভোগের পাশাপাশি স্থানীয় পর্যটন ব্যবসা ও মানুষের জীবিকায়ও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।






























