পাহাড়ি ঢলে সাদাপাথর ডুবে পর্যটনকেন্দ্র বন্ধ
- সর্বশেষ আপডেট ০৭:৩০:৪৬ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
- / 90
অবিরাম বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলের কারণে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাদাপাথর সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন।
রবিবার (২১ জুন) বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেখানে পর্যটক প্রবেশ বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, শনিবার রাত থেকে টানা বৃষ্টিতে নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পায়। একই সময়ে ভারতের মেঘালয় অঞ্চলে ভারী বৃষ্টিপাতের ফলে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সাদাপাথর এলাকার মূল জিরো পয়েন্ট, ভাসমান দোকানপাট এবং পর্যটকদের চলাচলের বিস্তীর্ণ অংশ পানির নিচে তলিয়ে যায়। সকালে হঠাৎ করেই পুরো এলাকা প্লাবিত হয়ে পড়ে।
এ অবস্থায় সাদাপাথর নৌঘাট থেকে জিরো পয়েন্টের উদ্দেশ্যে কোনো পর্যটকবাহী নৌকা চলাচল করেনি। ফলে দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা মূল আকর্ষণ না দেখেই ফিরে যেতে বাধ্য হন। এতে পুরো দিনজুড়ে ভোগান্তিতে পড়েন পর্যটকেরা।
পাহাড়ি ঢলের পানিতে ভাসমান দোকানগুলোরও ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ব্যবসায়ীদের লকার, চেয়ার ও বিভিন্ন সরঞ্জাম পানিতে ডুবে যায় বা স্রোতে ভেসে যায়। স্থানীয়রা বলছেন, বর্ষা মৌসুমে প্রায়ই এমন পরিস্থিতি তৈরি হয়, তবে এবারের পানির চাপ তুলনামূলক বেশি ছিল।
নিরাপত্তার স্বার্থে রোববার সকাল থেকেই খেয়াঘাট থেকে নৌ চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়। সর্বশেষ শনিবারই পর্যটকেরা সেখানে ভ্রমণ করতে পেরেছিলেন। পরিস্থিতি বিবেচনায় প্রশাসন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এলাকাটি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
ইউএনও মোহাম্মদ রবিন মিয়া বলেন, পরিস্থিতি স্বাভাবিক হলে এবং পানির স্রোত কমলে পর্যটনকেন্দ্রটি পুনরায় চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত পর্যটকদের সেখানে না যাওয়ার অনুরোধ জানানো হয়েছে।




































