পানাম সেতুর সংস্কারকাজে ত্রুটির অভিযোগ
- সর্বশেষ আপডেট ০৬:১০:৫৮ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
- / 99
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম সেতুর সংস্কারকাজ পরিদর্শন করে বেশ কিছু ত্রুটির অভিযোগ তুলেছে সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি। তারা সেতুর স্থায়িত্ব নিশ্চিত করতে যথাযথ সংস্কার প্রক্রিয়া অনুসরণের দাবি জানিয়েছেন।
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মুঘল আমলের স্থাপত্যকীর্তি পানাম সেতুর সংস্কারকাজ পরিদর্শন করেছে সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি। বুধবার সকালে কমিটির আহ্বায়ক কবি ও প্রাবন্ধিক শাহেদ কায়েসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সেতুটি পরিদর্শন করে।
এর আগে ঐতিহাসিক এ সেতুর সংরক্ষণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন এবং বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করেছিল কমিটি। বুধবার দ্বিতীয় দফায় তারা চলমান সংস্কারকাজের অগ্রগতি পর্যালোচনা করেন।
পরিদর্শন শেষে শাহেদ কায়েস বলেন, সোনারগাঁ সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্যের জনপদ। এখানে ছড়িয়ে থাকা প্রত্নসম্পদ সংরক্ষণ, সংস্কার, গবেষণা এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ অত্যন্ত জরুরি। দীর্ঘদিন ধরে যারা এসব ঐতিহ্য রক্ষায় কাজ করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, দেরিতে হলেও পানাম সেতুর সংস্কারকাজ শুরু করায় সরকারকে ধন্যবাদ।
তবে পরিদর্শনকারী দল অভিযোগ করে, সংস্কারকাজে বেশ কিছু অসঙ্গতি রয়েছে। তাদের দাবি, সেতুর পিলারের নিচের অংশে কোনো কার্যকর সংস্কার করা হচ্ছে না, যা ভবিষ্যতে ঝুঁকি তৈরি করতে পারে। এছাড়া প্রত্নতাত্ত্বিক স্থাপনা সংরক্ষণের যে মানদণ্ড ও পদ্ধতি অনুসরণ করার কথা, তা যথাযথভাবে মানা হচ্ছে না। ফলে সেতুর দীর্ঘমেয়াদি স্থায়িত্ব নিয়েও তারা উদ্বেগ প্রকাশ করেন।
পানাম সেতু পরিদর্শন দলে উপস্থিত ছিলেন, সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটির সদস্য সচিব লেখক ও সাংবাদিক রবিউল হুসাইন, যুগ্ম আহ্বায়ক কবি ও সংগঠক রহমান মুজিব, সাংবাদিক ও লেখক মিজানুর রহমান, সোনারগাঁও সাহিত্য নিকেতনের সভাপতি আসমা আখতারী, উপদেষ্টা মতিউর রহমান, অর্থ সম্পাদক সেলিম আহমেদ প্রধান, শিক্ষা ও গবেষনা সম্পাদক কবি মোয়াজ্জেনুল হক, সাংস্কৃতিক সম্পাদক দেওয়ান সামছুর রহমান, সাংবাদিক গাজী মোবারক, শেখ ফরিদ, এরশাদ হুসাইন অন্য, উদীচী শিল্প গোষ্ঠী সোনারগাঁও শাখার সভাপতি শংকর প্রকাশ, সোনারগাঁও পরিক্রমার সম্পাদক আরিফুর রহমান ও সংগঠক রোকেয়া আক্তার প্রমুখ।



































