পাকুন্দিয়ায় বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত
- সর্বশেষ আপডেট ০৭:১৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
- / 84
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বড় ভাইয়ের ছুরিকাঘাতে রিয়াদ মিয়া (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে উপজেলার মঠখোলা (চরদেওকান্দি) এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রিয়াদ মিয়া মৃত আবুল কাশেমের ছেলে। স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, রিয়াদ মাদকাসক্ত ছিলেন। মাদকের টাকা জোগাড় করতে তিনি প্রায়ই তার মাকে মারধর করতেন বলে অভিযোগ রয়েছে।
ঘটনার দিন রিয়াদের বড় ভাই হৃদয় মিয়া ঢাকা থেকে বাড়িতে আসেন। তিনি ঢাকার একটি হোটেলে কাজ করেন। বাড়িতে এসে মাদকের টাকার জন্য রিয়াদ তার মাকে মারধর করেছেন বলে জানতে পারেন হৃদয়। এ নিয়ে তিনি রিয়াদকে জিজ্ঞাসা করলে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।
একপর্যায়ে তাদের মা দুই ভাইয়ের ঝগড়া থামাতে এগিয়ে আসেন। এ সময় হৃদয় মিয়ার হাতে থাকা ছুরির আঘাত রিয়াদের বুকে লাগে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পরপরই হৃদয় মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা করা হয়েছে এবং গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।


































