পদ্মায় পানি কমেছে, বন্যা পরিস্থিতির উন্নতি
- সর্বশেষ আপডেট ১২:০৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
- / 128
চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীতে পানি কমতে শুরু করায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। গত ১২ ঘণ্টায় নদীটির পানি ৬ সেন্টিমিটার কমেছে। তবে জেলার মহানন্দা ও পুনর্ভবা নদীতে পানি বাড়ছে। ফলে নিম্নাঞ্চলের মানুষের দুর্ভোগ এখনো কাটেনি।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে পানি উন্নয়ন বোর্ড জানায়, শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার ভোর ৬টা পর্যন্ত পদ্মার পাঙ্খা পয়েন্টে পানি ৬ সেন্টিমিটার কমেছে। বর্তমানে সেখানে পানির স্তর ২১ দশমিক ৭৩ মিটার, যা বিপৎসীমার ৩২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। শনিবার একই সময়ে পানির স্তর ছিল ২১ দশমিক ৭৯ মিটার।
এদিকে, গত ২৪ ঘণ্টায় মহানন্দা নদীতে পানি বেড়েছে ৩ সেন্টিমিটার এবং পুনর্ভবা নদীতে ৪ সেন্টিমিটার। এতে জেলার বিভিন্ন নিম্নাঞ্চলে প্রায় ৪ হাজার ৩০০ পরিবার এখনো পানিবন্দী রয়েছে বলে উপজেলা প্রশাসন জানিয়েছে।
পানিবন্দী অনেক পরিবার বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে। আবার কেউ কেউ ঘরের ভেতর হাঁটুপানির মধ্যেই বসবাস করছেন। রান্না, খাবার ও বিশুদ্ধ পানির সংকটে তাদের দুর্ভোগ বেড়েছে। কর্মহীন হয়ে পড়েছেন অনেক দিনমজুর ও নিম্নআয়ের মানুষ।
বন্যার পানি ঢুকে জেলার বিভিন্ন এলাকায় প্রায় ২৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান ব্যাহত হচ্ছে। কয়েকটি প্রতিষ্ঠান বিকল্প স্থানে ক্লাস কার্যক্রম চালু করলেও অধিকাংশ প্রতিষ্ঠানে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে নিয়মিত পড়াশোনা থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, পানিবন্দী মানুষের মধ্যে গত দুই দিন ধরে ত্রাণ বিতরণ করা হচ্ছে। এ সময়ে প্রায় ২৬ মেট্রিক টন চাল দেওয়া হয়েছে। পাশাপাশি খাবার স্যালাইন ও শুকনা খাবারের ব্যবস্থা করা হচ্ছে। আশ্রয়কেন্দ্রগুলোও প্রস্তুত রাখা হয়েছে। এখন পর্যন্ত কেউ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেয়নি। পরিস্থিতির অবনতি হলে দ্রুত তাদের সেখানে নেওয়া হবে।
চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবীব বলেন, পদ্মা নদীর পানি কমতে শুরু করেছে। আশা করা হচ্ছে, আজকের পর থেকে পানি ধারাবাহিকভাবে কমবে। বড় ধরনের বন্যার আশঙ্কা নেই।

































