নির্বাচন ভবনের পথে তারেক রহমান
- সর্বশেষ আপডেট ১২:১০:২৩ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
- / 181
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির কবর জিয়ারত শেষে নির্বাচন ভবনের পথে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে তার গাড়ি বহর জাতীয় কবির সমাধিসৌধ প্রাঙ্গণ ছেড়ে যায়।
আগের দুদিন তাকে বুলেট প্রুফ বাসে চড়তে দেখা গেলেও এদিন তিনি সাদা রঙের একটি এসইউভিতে চড়েছেন। নির্বাচন ভবনে গিয়ে বিএনপি নেতা ভোটার তালিকায় নাম লেখাবেন।
আঙুলের ছাপ, আইরিশের প্রতিচ্ছবি আর অন্যান্য বায়োমেট্রিক তথ্য দেওয়ার পর বিএনপি নেতা তারেক রহমানের এনআইডি পেতে ‘সর্বোচ্চ একদিন লাগবে’ বলে জানিয়েছেন এনআইডি উইংয়ের ডিজি এ এস এম হুমায়ুন কবীর।
সংসদ নির্বাচনে অংশ নিতে ভোটার হওয়ার বাধ্যবাধকতা রয়েছে; এ শর্ত পূরণে দেশের যেকোনো নির্বাচনি এলাকার ভোটার হলেই চলে।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে অংশ নিতে আগ্রহীদের মনোনয়নপত্র সংগ্রহ ও জমার শেষ সময় হচ্ছে ২৯ ডিসেম্বর।
ইতোমধ্যে বগুড়া-৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের তরফে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। মনোনয়নপত্র জমার সময় প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।






































