আহত অন্তত ৫
নারায়ণগঞ্জে তোলারাম কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ
- সর্বশেষ আপডেট ০৭:০৬:১৩ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
- / 53
নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভাকে কেন্দ্র করে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।
বুধবার (৫ আগস্ট) দুপুর ১২টার দিকে কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকায় এ সংঘর্ষের সূত্রপাত হয়। প্রায় দেড় ঘণ্টা ধরে উত্তেজনা চলার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামান জানান, আলোচনা সভায় বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। পরে তা ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়। এতে চার থেকে পাঁচজন আহত হয়েছেন। তবে তাদের কেউ গুরুতর আহত নন।
তিনি আরও জানান, খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশ ও ডিবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষকে কলেজ রোড ও চাষাঢ়া এলাকা থেকে সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী ও পুলিশ সূত্রে জানা যায়, কলেজের অডিটোরিয়ামে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা চলছিল। সেখানে বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা বক্তব্য দেন। একপর্যায়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাদের পাল্টাপাল্টি বক্তব্যকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়।
পরে কলেজ রোড ও চাষাঢ়া এলাকায় দুই পক্ষের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষের সময় তাদের হাতে লাঠিসোঁটা, বাঁশ ও লোহার পাইপ দেখা যায়।
পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।































