নাপিত্তাছড়া ঝরনায় পাথরে পা পিছলে পর্যটক আহত
- সর্বশেষ আপডেট ০৪:২৫:২৬ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
- / 126
চট্টগ্রামের মিরসরাইয়ের নাপিত্তাছড়া ঝরনায় পাথরে পা পিছলে নিচে পড়ে আহসান হাবীব ইমরোজ (২১) নামে এক কলেজছাত্র গুরুতর আহত হয়েছেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল সোয়া ১০টার দিকে উপজেলার ১২ নম্বর খৈয়াছড়া ইউনিয়নের নাপিত্তাছড়া ঝরনায় এ দুর্ঘটনা ঘটে।
আহত আহসান হাবীব ইমরোজ ময়মনসিংহের মুক্তাগাছা থানার ভাবকীড় মোড় এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। তিনি ফুলবাড়িয়া সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, সকাল ১০টা ১৫ মিনিটের দিকে স্থানীয়দের কাছ থেকে ঝরনায় এক পর্যটক আহত হওয়ার খবর পাওয়া যায়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। এরপর আহত অবস্থায় ইমরোজকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নুসরাত জাহান সুরভি জানান, ইমরোজের মাথায় আঘাত লেগেছে। আহত অবস্থায় তিনি স্বাভাবিকভাবে কিছু মনে করতে পারছিলেন না। তার মাথায় সিটি স্ক্যান প্রয়োজন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ইমরোজের বন্ধু মারুফ হাসান জানান, সকালে তারা কয়েকজন বন্ধু মিলে নাপিত্তাছড়া ঝরনায় ঘুরতে যান। একপর্যায়ে ঝরনার পাথরে পা পিছলে ইমরোজ নিচে পড়ে আহত হন। পরে তাকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে।






























