নাদিমা খানের ওপর হামলায় মহিলা পরিষদের ক্ষোভ
- সর্বশেষ আপডেট ০৭:৫৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
- / 94
মানবাধিকারকর্মী নাদিমা মোহাম্মদী খানের নিজ বাসভবনে হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ।
মঙ্গলবার (২১ জুলাই) বাংলাদেশ মহিলা পরিষদ এক বিবৃতিতে এ ক্ষোভ প্রকাশ করেছে।
বিবৃতিতে বলা হয়েছে , গত ১৮ জুলাই বিভিন্ন অনলাইন পত্রিকায় প্রকাশিত সংবাদ মাধ্যমে জানা যায় যে, বরিশালে মানবাধিকারকর্মী নাদিমা মোহাম্মদী খানের নিজ বাসভবনে হামলার ঘটনা ঘটেছে।
গত ১৮ জুলাই শনিবার রাতে নাদিমা খান ও তার চাচাতো বোন বাড়িতে আসে। সেখানে কিছু যুবক বাড়ির মধ্যে আবর্জনা ফেলে রাখে এবং মাদক সেবন ও মাদক কারবার চালিয়ে যাচ্ছিল। এর প্রতিবাদ করলে তাদের সাথে কথা-কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে ২৫ থেকে ৩০ জন লোক সংঘবদ্ধ হয়ে নাদিমা খানের ওপর হামলা চালায় ও হেনস্থার সৃষ্টি করে। আহত অবস্থায় তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বাংলাদেশ মহিলা পরিষদ মনে করছে, নিজ বাসভবনে একজন মানবাধিকারকর্মীকে বেআইনিভাবে মব সৃষ্টি করে দলবদ্ধভাবে সংঘটিত হামলাটি নারীর নিরাপত্তাকে সংকটময় পরিস্থিতিতে ফেলার পাশপাশি তার সম্মানকেও ক্ষুন্ন করা হচ্ছে। শুধু মানবাধিকারকর্মী নয় একজন নারীর নিজ বাসভবনে স্বাধীনভাবে থাকাটাই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে যা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করছে।
বাংলাদেশ মহিলা পরিষদ উপরোক্ত হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারসহ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতকরণের দাবি জানাচ্ছে। একই সাথে নারীর নিরাপত্তার বিষয়টি অধিকতর গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়ে আশু কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছে। সেইসাথে নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানাচ্ছে।



































