নাটোরে জার্মান পর্যটকের চুরি যাওয়া ল্যাপটপ উদ্ধার

- সর্বশেষ আপডেট ০১:৫৫:২৪ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
- / 112
নাটোর রেলস্টেশন থেকে জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের চুরি যাওয়া ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে নাটোর সদর উপজেলার কাফুরিয়া পট্টি এলাকার একটি কাপড়ের দোকান থেকে ল্যাপটপটি উদ্ধার করা হয়। এ ঘটনায় অন্তর কুমার সাহা নামে এক যুবক ও তাঁর বাবাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক জানান, গত ৭ অক্টোবর ল্যাপটপটি হারানোর পর থেকে পুলিশের একাধিক দল সেটি উদ্ধারে কাজ করছিল। পরে তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ল্যাপটপটি উদ্ধার করা হয়।
পুলিশ সুপার বলেন, গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) অন্তরের বাবা অমল কুমার সাহা তিতুমীর এক্সপ্রেসে নাটোর থেকে নওগাঁ যাওয়ার পথে মাধনগর স্টেশনের কাছে ট্রেনের একটি আসনের নিচে ল্যাপটপটি পান। পরে তিনি সেটি নিয়ে নওগাঁয় তাঁর শ্বশুরবাড়িতে যান এবং ছেলেকে বিষয়টি জানান। ল্যাপটপটি রেখে পরে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা বলেন অন্তর।
পুলিশ সুপার আরও জানান, রোববার তাঁরা নাটোরে এলে পুলিশের একটি দল তাঁদের কাছ থেকে ল্যাপটপটি উদ্ধার করে। এ ঘটনায় অন্তর ও তাঁর বাবাকে হেফাজতে রাখা হয়েছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি।
ল্যাপটপ উদ্ধারের ঘটনায় সন্তোষ প্রকাশ করে পুলিশ সুপার বলেন, পর্যটক ক্রিল ল্যান্ডারের সঙ্গে তাঁদের কথা হয়েছে। ল্যাপটপ ফিরে পেয়ে তিনিও খুশি হয়েছেন। তাঁর হারানো অন্যান্য মালামাল উদ্ধারের জন্যও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।































