নাটক সমাজ বদলের শক্তি: স্টালিন
- সর্বশেষ আপডেট ০৩:৩৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
- / 88
সামাজিক অবক্ষয় দূর করে মানুষকে এগিয়ে যাওয়ার প্রেরণা দেয় নাটক—এমন মন্তব্য করে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন) দর্শকদের মঞ্চনাটক দেখতে ও গঠনমূলক সমালোচনায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
“নতুন নাটক নতুন সময়- মঞ্চে জাগুক মানুষের কথা” প্রতিবাদ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে ৮ দিনব্যাপী ‘নতুন নাটকের উৎসব-২০২৬’ । নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় দেশীয় নাট্য সংস্কৃতির বিকাশ, প্রচার, প্রসার ও সংরক্ষণের লক্ষ্যে আগামীকাল ১২ থেকে ১৯ জুন ২০২৬ প্রতিদিন সন্ধ্যা ৬. টা থেকে শুরু হবে অনুষ্ঠানমালা।
নাট্যোৎসব উপলক্ষে বৃহস্পতিবার ( ১১ জুন) সকালে জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে একাডেমির মহাপরিচালক, কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন) বলেন, “আমরা চেষ্টা করছি যে সংস্কৃতির সকল ক্ষেত্রে যেন নতুন সৃষ্টিশীলতা তৈরি হয় এবং গণমানুষকে সম্পৃক্ত করা যায়। ৭০ ও ৮০’র দশকে দেখেছি যে ঢাকাসহ বিভিন্ন জায়গায় অনেক ভালো নাটক মঞ্চায়ন হতো। এখন তা অনেকটাই স্থবির হলেও গত ২ বছরে পরিস্থিতির অনেকটাই পরিবর্তন হয়েছে। এই নাট্যোৎসবের মাধ্যমে নাটককে আমরা সাধারণ মানুষের কাছে নিয়ে যেতে চাই। সামাজিক অবক্ষয় দূর করার অন্যতম হাতিয়ার নাটক। যা বেঁচে থাকার এবং সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা দেয়। আমরা চাই দর্শকরা এসে মঞ্চনাটক দেখুক, সমালোচনা করুক।”
বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি যে অনুষ্ঠানগুলো আয়োজন করে তা যেন গণমাধ্যমের সহযোগিতায় সকলের নিকট পৌঁছায় সে ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে অনুষ্ঠানের বিস্তারিত তুলেন ধরেন নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক দীপক কুমার গোস্বামী।
আগামীকাল ১২ জুন শুক্রবার বিকাল ৪টায় উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী মিজ আফরোজা খানম উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাঃ জাহেদ উর রহমান, মাননীয় উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা), পলিসি ও স্ট্র্যাটেজি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। প্রধান বক্তা হিসেবে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যায়ের উপাচার্য অধ্যাপক ড. ইসরাফিল শাহীন এবং সম্মানিত অতিথি হিসেবে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার জাকির হোসেন উপস্থিত থাকবেন।
সভাপতিত্ব করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জনাব কানিজ মওলা এবং স্বাগত বক্তব্য প্রদান করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক, কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)। ধন্যবাদ জ্ঞাপন করবেন নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক জনাব দীপক কুমার গোস্বামী।
৮ দিনব্যাপী এই উৎসবে মোট ৮টি নাটক প্রদর্শিত হবে। উদ্বোধনী দিনে প্রদর্শিত হবে দিনাজপুর নাট্য সমিতি এর নাটক ‘চোরের নাম চরণদাস’। এছাড়াও প্রদর্শিত হবে ইয়াং বংহুং থিয়েটার বান্দরবান এর নাটক ‘রিনা প্লুং’, দৃশ্যকাব্য এর নাটক ‘ইডিপাস’, হান্ট থিয়েটার এর নাটক ‘ক্যাফে দ্যা ভলতে’, প্রাচ্যনাট এর নাটক ‘ব্যতিক্রম ও নিয়ম’, ঢাকা থিয়েটার এর নাটক ‘রঙমহাল’, নাট্যায়ন সিলেট এর নাটক ‘মহাকালের অন্তর্যাত্রা’ এবং সমাপনী দিনে প্রদর্শিত হবে শব্দ থিয়েটার, যশোর এর নাটক ‘দি গ্রেট স্মাগলার’। জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে প্রতিদিন সন্ধ্যা ০৭টা থেকে উৎসবের নাটকগুলো মঞ্চায়িত হবে।
পাশাপাশি উৎসব উপলক্ষ্যে জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলের লবিতে নাটক শুরুর পূর্বে প্রতিদিন সন্ধা ৬ টা থেকে ৬.৪৫ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘বাংলা নাটকের গান’। ঢাকা এবং ঢাকার বাইরের মোট ৮টি দল ৮ দিনব্যাপী ধারাবাহিকভাবে এই বাংলা নাটকের গানে অংশগ্রহণ করবে। দলগুলো হচ্ছে মানিকগঞ্জ থেকে আগত আলেয়া বেগম ও আলমাস সরকার এর দল, পদাতিক নাট্য সংসদ টিএসসি, ভৈরবী গীতরঙ্গ দল, থিয়েটার সার্কেল (মুন্সিগঞ্জ), তীরন্দাজ রেপার্টরী, আরণ্যক নাট্যদল, বটতলা ও উদীচি নাট্যবিভাগ।
এছাড়াও উৎসবের অংশ হিসেবে নানাবিধ আয়োজনের পাশাপাশি থাকছে ‘উদীয়মান নাট্যনির্দেশকদের জন্য একটি বিশেষ কর্মশালা। ৫ দিনব্যাপী এই কর্মশালাটি আগামী ১৫ থেকে ১৯ জুন পর্যন্ত জাতীয় নাট্যশালার ইন্টারন্যাশনাল ডিজিটাল কালচারাল আর্কাইভ কক্ষে সকাল ১০টা থেকে বিকাল ০৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। সর্বোচ্চ ২৫জন প্রশিক্ষনার্থী এ কর্মশালায় অংশগ্রহণ করার সুযোগ পাবেন।




































