নরসিংদীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু
- সর্বশেষ আপডেট ০৮:১৯:২৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
- / 157
দেশব্যাপী তিন মাসব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ শুরু হয়েছে। এর অংশ হিসেবে নরসিংদী সদর উপজেলায় একযোগে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করা হয়েছে।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়ার দিকনির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে সদর উপজেলার দুটি পৌরসভা, উপজেলা প্রশাসন ও ১৪টি ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হয়। একই সঙ্গে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতালসহ গুরুত্বপূর্ণ স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।
এ সময় নরসিংদীর জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া, জেলা পরিষদ প্রশাসক তোফাজ্জল হোসেন মাস্টার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো. শামসুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অভিযানের আওতায় ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার বিষয়ে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
সংশ্লিষ্টরা বলেন, ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম কোনো সরকারি দপ্তর, বেসরকারি প্রতিষ্ঠান বা ব্যক্তি বিশেষের একক উদ্যোগে সফলভাবে বাস্তবায়ন সম্ভব নয়। এ জন্য সরকারি-বেসরকারি দপ্তর, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব, স্বেচ্ছাসেবী সংগঠন, গণমাধ্যমকর্মীসহ সব নাগরিকের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।
পাশাপাশি বর্জ্য অপসারণের জন্য উপযুক্ত স্থান নির্ধারণ এবং ট্রিটমেন্ট প্লান্টের মাধ্যমে সঠিকভাবে বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
সকলের সম্মিলিত প্রচেষ্টায় নরসিংদী সদর উপজেলার বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম আরও কার্যকর করে একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নরসিংদী গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।


































