নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন; জরিমানা ৩ লাখ
- সর্বশেষ আপডেট ০৭:২০:৪১ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
- / 79
নরসিংদী সদর ও মাধবদী পৌরসভা এলাকায় অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ১২টি মামলায় মোট ৩ লাখ ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় প্রায় ৬০টি চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
গতকাল শালিধা, নরসিংদী সদর ও মাধবদী পৌরসভা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধ গ্যাস ব্যবহার এবং অনুমতি ছাড়া রাস্তা কাটার অভিযোগে ১২ জনের বিরুদ্ধে মামলা করা হয়।
অভিযানসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের দায়ে অভিযুক্ত ব্যক্তিদের কাছ থেকে ২ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়া গণউপদ্রব সৃষ্টির দায়ে আরও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে জরিমানার পরিমাণ দাঁড়ায় ৩ লাখ ১৫ হাজার টাকা।
অভিযোগ রয়েছে, মাধবদী পৌরসভার নিষেধাজ্ঞা অমান্য করে বিনা অনুমতিতে রাস্তা কাটার ফলে প্রায় ১ হাজার ২০০টি বিটিসিএল সংযোগ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে জনসাধারণের ভোগান্তি সৃষ্টি হয়। এ ঘটনায় মাধবদী পৌরসভার রাস্তা মেরামতের জন্য আগামী রোববারের মধ্যে ৬৯ হাজার টাকা ফি জমা দেওয়ার মুচলেকাও নেওয়া হয়েছে।
অভিযানে বাংলাদেশ গ্যাস আইন, ২০১০-এর ১১ ও ১২ ধারা এবং দণ্ডবিধি, ১৮৬০-এর ২৯১ ধারায় মামলা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন তিতাস গ্যাসের নরসিংদীর ব্যবস্থাপক প্রকৌশলী আহমদউল্লাহ এবং মাধবদী পৌরসভার নির্বাহী প্রকৌশলী (এক্সইএন) তারিকুল ইসলাম।
নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খালিদ হোসেন শিমুল অভিযানটি পরিচালনা করেন। এ সময় নরসিংদী জেলা পুলিশ সার্বিক সহযোগিতা করে।






























